১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ. আফ্রিকা একাদশে চার পেসার

স্পিন বিভাগে আছেন শুধু সাইমন হার্মার, জায়গা হয়নি বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 04:38 PM

Updated : 14 Nov 2026, 04:38 PM

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রশ্ন, একাদশ কী চূড়ান্ত? হ্যাঁ-সূচক উত্তর দিয়েই থামলেন না টেম্বা বাভুমা, একে একে ১১ জনের নামও বলে দিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। পেস সহায়ক কন্ডিশনে অনুমেয়ভাবেই চার পেসার নিয়ে মাঠে নামার অপেক্ষায় তারা।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু রোববার। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু খেলা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের শুরুতেই নিজেদের একাদশ ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক।

চার পেসার, এক স্পিনারের একাদশে প্রায় দুই বছর পর জায়গা ফিরে পেয়েছেন জুবাইর হামজা ও ডেইন প্যাটারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কুটসিয়া। এই সিরিজের স্কোয়াডেই নেই তারা।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে তুমুল সম্ভাবনার ছাপ রেখে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পান হামজা। তবে তার ক্যারিয়ারের শুরুটা হয়নি প্রত্যাশামাফিক। এখন পর্যন্ত ৮ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন ২০২৪ সালের জানুয়ারিতে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১২ ম্যাচ খেলে ৪৮.১৮ গড়ে প্রায় ৮ হাজার রান করা হামজার জন্য এই টেস্ট নিজের ক্যারিয়ারের নতুন শুরুর সুযোগ।

হামজার মতো প্যাটারসনের একাদশে ফেরাও লম্বা সময় পর। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের পর আর সাদা পোশাকে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার। ৩৭ বছর বয়সে এবার নতুন শুরুর অপেক্ষায় তিনি।

হাইভেল্ড ভেন্যুতে খেলা হওয়ার কারণেই মূলত চার পেসারের একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। যেখানে প্যাটারসনের সঙ্গে আছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। এদের মধ্যে শেষ দুজন মূলত পেস বোলিং অলরাউন্ডার।

প্রায় সাড়ে তিন বছর আগে জোহানেসবার্গে হওয়া সবশেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে ছিলেন দুই স্পিনার সাইমন হার্মার ও কেশাভ মহারাজ। ওই ম্যাচে দুজন মিলে নিয়েছিলেন ৮ উইকেট। বাভুমা বলেছেন, এই টেস্টেও শেষ দিকে স্পিনাররা পেতে পারেন সহায়তা।

তবু চার পেসারের সঙ্গে একজন স্পিনার নিয়েই নামছে প্রোটিয়ারা। স্বাগতিকদের একাদশে আছেন হার্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে একাদশে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ অফ স্পিনার।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকা একাদশ

এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ডেইন প্যাটারসন।