২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেস সহায়ক উইকেটে নরকিয়াকে একাদশে নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

যথারীতি টেস্টের আগের দিন একাদশ ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা, দুটি পরিবর্তন এনেছে তারা দলে।

পেস সহায়ক উইকেটে নরকিয়াকে একাদশে নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

গত টেস্টে না খেললেও এবার আছেন আনরিখ নরকিয়া। ছবি:সিএসএ। 

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 04:54 PM

Updated : 22 Nov 2026, 05:01 PM

ঠিক গত টেস্টের আগের দিনের দৃশ্যেরই পুনরাবৃত্তি। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিই হলো একাদশ নিয়ে। অধিনায়ক তা জানিয়েও দিলেন অকপটে। এবার অবশ্য টেম্বা বাভুমা নেই। চোটের কারণে ছিটকে পড়া নিয়মিত অধিনায়কের জায়গায় নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ভারপ্রাপ্ত অধিনায়ক জানালেন, জোহানেসবার্গ টেস্টের একাদশ থেকে সেঞ্চুরিয়ন টেস্টের একাদশে পরিবর্তন আছে দুটি।

সেই দুই পরিবর্তনের একটি অবধারিতই ছিল। দলের সঙ্গে সেঞ্চুরিয়নে থাকলেও চোটের কারণে খেলতে পারবেন না বাভুমা। তার বদলে একাদশে ফিরছেন টনি ডি জর্জি। আরেকটি পরিবর্তনের কথা জেনে কিছুটা প্রমাণ গুনতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। একাদশে ফিরছেন আনরিখ নরকিয়া। এই গতিতারকাকে জায়গা দিতে বাদ পড়ছেন ডেন প্যাটারসন।

জোহানেসবার্গে নরকিয়া খেলতে পারেননি মূলত পুরোপুরি ফিট না হওয়ায়। প্রায় আড়াই বছর পর টেস্ট ক্রিকেটে ফেরেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে। ডারবানে দুই ইনিংসে দুটি করে উইকেট নেন। তবে পরের টেস্টে গেবেখায় তিন ওভার বল করেই ছিটকে পড়েন চোটপ্রবণ ফাস্ট বোলার খেলতে পারেননি পরের টেস্টে।

এখন তিনি আবার ফিরছেন পুরো ফিট হয়ে। সেঞ্চুরিয়নের গতিময় ও বাউন্সি উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেবেন ৩৩ বছর বয়সী ফাস্ট বোলার।

ডি জর্জি সবশেষ টেস্ট খেলেছেন গত নভেম্বরে ভারত সফরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরলেও জোহানেসবার্গে একাদশে সুযোগ পাননি। এবার অধিনায়কের চোটে দুয়ার খুলে গেল ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের জন্য।

বাংলাদেশের বিপক্ষে দারুণ সুখস্মৃতি আছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। ক্যারিয়ার সেরা ১৭৭ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি বাংলাদেশেই, ২০২৪ সালে চট্টগ্রাম টেস্টে। সেবার অবশ্য ওপেন করেছিলেন তিনি। এবার খেলতে হবে মিডল অর্ডারে।

সেঞ্চুরিয়নের উইকেট সবুজ হলেও অফ স্পিনার সাইমন হার্মারকে রেখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই পেস বোলিং অলরাউন্ডারসহ তাই আগের মতোই চার পেসার ও এক স্পিনারের বোলিং আক্রমণ তাদের।

জোহানেসবার্গে ৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের বিপক্ষে আরেকটি জয় পেতে মরিয়া থাকবে নিশ্চিতভাবেই।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া।