বাংলাদেশের বিপক্ষে দ. আফ্রিকা ওয়ানডে দলে এনগিডি-নরকিয়া
অভিজ্ঞ ডেভিড মিলারকে কোনো সংস্করণের দলেই রাখেনি দক্ষিণ আফ্রিকা।
টেস্ট সিরিজের দল থেকে মাত্র তিনজনকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তাতে দীর্ঘ তিন বছর পর এই সংস্করণে খেলার সম্ভাবনা জেগেছে আনরিখ নরকিয়ার সামনে। এছাড়া চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন লুঙ্গি এনগিডি।
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য শুক্রবার আলাদা দুটি দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন কেশাভ মহারাজ। আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন বিয়ন ফোরটান।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও ছিলেন মহারাজ। জোহানেসবার্গে ৯ উইকেটে জেতা প্রথম টেস্টের একাদশে তাকে রাখেনি প্রোটিয়ারা। পরে দল থেকেই অভিজ্ঞ স্পিনারকে ছেড়ে দেয় তারা।
প্রথম টেস্টে খেলার সময় পেশিতে চোট পেয়ে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে ৫০ ওভারের সিরিজেও পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে দলটিকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
নরকিয়ার পাশাপাশি টেস্ট সিরিজে দল থেকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে কর্বিন বশ ও টনি ডি জর্জিকে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে সুযোগ পাননি এই তিনজনের কেউ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের সময় চোট পান নরকিয়া। সেই সমস্যা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে এই সংস্করণে সবশেষ খেলেন নরকিয়া। সবকিছু ঠিক থাকলে রঙিন পোশাকেও দ্রুত দেখা যাবে গতিময় এই পেসারকে।
ঘরোয়া ক্রিকেটে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এনগিডি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে মাঠে ফিরবেন এই পেসার। ওয়ানডে দলে পেসার আছেন আরও পাঁচজন- নরকিয়া, বশ, জেরল্ড কুটসিয়া, ডুয়ান প্রিটোসিয়ার, এনকোবানি মোকেয়েনা।
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মিলারকে ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো সিরিজের দলেই রাখেনি দক্ষিণ আফ্রিকা।
ঘরোয়া ক্রিকেটে ভালো করে দুই সংস্করণের দলেই ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলে। টাইটান্সের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে সাত ইনিংসে ২৭৭ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৯৭.৮৫। ১৪ বলে ফিফটি করে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ডেও ভাগ বসিয়েছেন কেশিলে।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন কিউনা মাফাকা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন তরুণ বাঁহাতি এই পেসার। তবে একই চোটে পড়ে দলের বাইরে থাকতে হচ্ছে ওটনিল বার্টম্যানকে।
আগামী ১ ডিসেম্বর থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। টি-টোয়েন্টি তিনটি হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: কেশাভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, জেরাল্ড কুটসিয়া, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফোরটান, জর্ডান হার্মান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: বিয়ন ফোরটান (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কুটসিয়া, কনর এস্তেহেইজেন, ডনোভান ফেরেইরা, জর্ডান হার্মান, ডুয়ান ইয়ানসেন, কিউনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।
