ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিউ জিল্যান্ডের জোড়া ধাক্কা
টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার।
রাচিন রাভিন্দ্রা ও মার্ক চ্যাপম্যানকে নিয়ে অনিশ্চিত অপেক্ষার পর শেষ পর্যন্ত হতাশার খবরই পেল নিউ জিল্যান্ডে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার। চোটের কারণে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি এই দুই বাঁহাতি ক্রিকেটার।
নিউ জিল্যান্ড ক্রিকেট বিবৃতিতে জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে তাদের আরও সময় প্রয়োজন। এমআরআই স্ক্যানে দেখা গেছে, চ্যাপম্যানের বাম হ্যামস্ট্রিংয়ের জন্য আরও দুই সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন। রাভিন্দ্রার ডান কাঁধ পুরোপুরি ঠিক হয়ে ফিল্ডিং করার উপযোগী হয়ে উঠতে আরও সময় লাগবে।
দুজনের চোটের অবস্থা জানিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বললেন, রাভিন্দ্রাকে নিয়ে তারা ঝুঁকি নিতে চান না সামনের টেস্ট সিরিজকে ভাবনায় রেখে।
‘মার্ক এবং রাচিন এই দলের জন্য কতটা মূল্যবান সম্পদ, তা সবাই জানে। তাই এটা খুবই দুঃখজনক যে, এই সিরিজটি তাদের খেলতে হচ্ছে না। গত সপ্তাহে মার্কের সাথে আমার কথা হয়েছিল এবং যদিও সে হতাশ, তবে মাঠে ফেরার জন্য সে কঠোর পরিশ্রম করছে।
“রাচিনের কাঁধ এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তাই সাদা বলের ক্রিকেটে সে স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করতে পারবে না। এই মাসের শেষের দিকে টেস্ট সিরিজ থাকায় আমরা কোনো অযাচিত ঝুঁকি নিতে চাই না।”
গত সেপ্টেম্বরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় পড়ে গিয়ে কাঁধে চোট পান রাভিন্দ্রা। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও আঘাত পান এই অলরাউন্ডার। তখন অবশ্য চোটকে যতটা গুরুতর মনে হয়েছিল, পরে তা আরও বেশি তীব্র হয়ে ওঠে। চ্যাপম্যান হ্যামস্ট্রিংয়ে চোট পান। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে।
তাদের বদলি হিসেবে টিম সাইফার্ট ও হেনরি নিকোলসকে দলে নিয়েছেন নির্বাচকরা। কিপার-ব্যাটার সাইফার্ট আগে থেকেই ছিলেন শুধু শেষ দুটি ওয়ানডের জন্য। এখন তাকে নেওয়া হয়েছে পুরো সিরিজের জন্যই। ৩৫ বছর বয়সে আরও এক দফায় দলে ফিরলেন নিকোলস। ঘরোয়া একদিনের ম্যাচের আসর ফোর্ড ট্রফিতে গত শনিবার ক্যান্টারবুরির সঙ্গে সেঞ্চুরির পুরস্কার পেয়ে গেলেন তিনি।
নিকোলসকে নেওয়া হয়েছে শুধু প্রথম তিন ওয়ানডের জন্য। শেষ দুটি ম্যাচের দলে যোগ দেবেন ডিন ফক্সক্রফট।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ছিটকে যাওয়া ম্যাট হেনরি সোমবার ওয়ানডে দলে যোগ দিয়েছেন। শেষ দুটি ম্যাচের দলে থাকা ম্যাট ফিশারকে অতিরিক্ত বোলিং বিকল্প হিসেবে পুরো সিরিজের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-২ ব্যবধানে হারিয়েছে নিউ জিল্যান্ডকে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু বুধবার।
