১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ভারত সিরিজ দিয়ে দলে ফিরছেন রাভিন্দ্রা ও কনওয়ে

ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের ২-১ এ জেতা সিরিজের দল থেকে এবার বেশ কিছু পরিবর্তন আছে।

ভারত সিরিজ দিয়ে দলে ফিরছেন রাভিন্দ্রা ও কনওয়ে
রাচিন রাভিন্দ্রা। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 03:42 PM

Updated : 11 Nov 2026, 03:42 PM

চোট কাটিয়ে মাঠে ফেরার খুব কাছাকাছি আছেন ডেভন কনওয়ে ও রাচিন রাভিন্দ্রা। তাই তাদের নিয়েই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। নতুন করে অপ্রত্যাশিত কিছু না ঘটলে প্রথম টেস্টেই খেলার জোর সম্ভাবনা আছে এই দুজনের।

আসছে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করে নিউ জিল্যান্ড।

প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর, ওয়েলিংটনে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর।

গত সেপ্টেম্বরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ডাইভিং ক্যাচ নেওয়ার চেষ্টায় গুরুতর চোট পান রাভিন্দ্রা। এই টপ-অর্ডার ব্যাটসম্যানের কাঁধের হাঁড় সরে যায়, যা তাকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাইরে রেখেছে।

আর ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে আঘাত পেয়ে কনকাশনের সমস্যায় পড়েন পেসার কনওয়ে। নিউ জিল্যান্ড দলে চোট সমস্যা আরও আছে; ঊরুর চোটে ভুগছেন উইকেটরক্ষক টম ব্লান্ডেল।

নিউ জিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছে, “প্রথম টেস্টে খেলার লক্ষ্যে, তিন জনই নিজ নিজ চোট থেকে সেরে ওঠার জন্য কাজ করছে।”

আসছে দুই টেস্টেই খেলতে পারলে ৫০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন ব্লান্ডেল।

গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ এ জেতা সিরিজের দল থেকে এবার বেশ কিছু পরিবর্তন আছে। সেই দল থেকে এবারের স্কোয়াডে অনপস্থিত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম কেইন উইলিয়ামসন, ওই সিরিজের মাঝপথে অবসর নেন তিনি। এছাড়া নেই পেসার উইল ও’রোক, সামনে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরের আগে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর অ্যাঙ্কেলের চোটে বেন সিয়ার্স ও নিতম্বের চোটে জ্যাক ফোকস দলে নেই।

দলে ফিরেছেন পেসার জ্যাকব ডাফি; পিতৃত্বকালীন ছুটিতে থাকায় ইংল্যান্ড সফরে ছিলেন না তিনি।

নিউ জিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রাভ্রিন্দ্রা, মিচেল স্যান্টনার, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।