সাক্ষাৎকারের সময় জ্ঞান হারানো পারেদেস আশ্বস্ত করে বললেন, ‘ঠিক আছি’
কোপা সুদামেরিকানার শিরোপা জয়ের পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়েন বোকা জুনিয়র্স অধিনায়ক।
আতলেতিকো মিনেইরোকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জয়ের পর অধিনায়ক লেয়ান্দ্রো পারেদসকে নিয়ে উদ্বেগ আর শঙ্কায় ছিল বোকা জুনিয়র্স। প্রতিক্রিয়া জানানোর মাঝপথে যে জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়েছিলেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার নিশ্চিত করেছেন, এখন ঠিক আছেন তিনি।
কলম্বিয়ার বারানকিয়ায় ফাইনালে ২-০ গোলে জেতে বোকা জুনিয়র্স।
গরমের জন্য পুরো ম্যাচে খেলতে পারেননি পারেদেস। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন আর্জেন্টিনার ক্লাবটির কোচ।
ম্যাচ শেষে ডিস্পোর্টসের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে কথা বলতে বলতে ঢলে পড়েন পারেদেস। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়ান তিনি। হেঁটেই ড্রেসিং রুমে যান।
তবে এর কিছুক্ষণ পরেই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। এতে বোকা জুনিয়র্স দলের আর্জেন্টিনায় ফেরা পিছিয়ে যায়। অধিনায়কের পাশে দাঁড়াতে পুরো দল সেখানেই থেকে যায়।
হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর নিজের একটি ছবি আপলোড করে ভক্তদের আশ্বস্ত করে পারেদেস লেখেন, “আমি ঠিক আছি। এগিয়ে যাও বোকা! আজ এবং সবসময়।”
হাসপাতালে রাত কাটাতে হয়নি পারেদেসের। টিম হোটেলে ফিরে সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপনে যোগ দেন তিনি। হোটেলে যাওয়ার সময় হাতের ইশারায় জানান, এখন ঠিক আছেন তিনি।
