‘সব ঠিক করে দিচ্ছি’, ২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চান আসিফ মাহমুদ
“রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন,” লিখেছেন এনসিপির এই নেতা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ঠিক করে দিতে’ দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার বিকাল ৩টার দিকে ফেইসবুক পোস্টে ক্ষমতাসীন বিএনপি সরকারকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারে একাধিক মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা আসিফ লিখেছেন, “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।”
ঘণ্টা দুয়েকের ব্যবধানে আরেকটি পোস্ট আসে আসিফের আইডি থেকে।
দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, “রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?”
অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচনের কথা বললেও পরে আর ভোটে দাঁড়াননি।
শুরুতে এনসিপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ এনসিপির কমিটি কমিটি পুনর্গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ দেওয়া হয়।
