‘মানবতাবিরোধী অপরাধ’: সাবেক স্বরাষ্ট্র সচিব ও যুগ্ম সচিবের বিচার নিয়ে আদেশ ২ ডিসেম্বর
প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন প্রসিকিউটর।
চব্বিশের আন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে ২ ডিসেম্বর আদেশের দিন রেখেছে ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের এ দিন ঠিক করেন।
ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।
গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীরের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান।
সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের (পলাতক) পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে পৃথক অভিযোগ তুলে ধরে শুনানিতে বলেন, জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন তিনি।
এদিন কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা জাহাংগীরের পক্ষে শুনানিতে আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, জাহাংগীর আলম সরকারের দায়িত্ব পালন করেছেন। সেখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। সব বৈঠকে তার উপস্থিতি থাকা বাধ্যতামূলক ছিল। নিরুপায় হয়ে তিনি বৈঠকে অংশ নিতেন।
পলাতক ধনঞ্জয়ের পক্ষে আইনজীবী আমির হোসেনও একই যুক্তি তুলে ধরে অভিযোগ থেকে তার মক্কেলের অব্যাহতি চান।
তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থানের সময় চালানো সরকারের হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন এই দুই সচিব। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় বসা ‘কোর কমিটির’ সভায় উপস্থিত থাকতেন তারা। গণভবনেও তাদের যাতায়াত ছিল। সেখান থেকে তারা নিয়মিত নির্দেশনা আনতেন। এমনকি নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তদারকিও করেছেন। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব হত্যাকাণ্ড চালিয়েছে, তা প্রতিরোধে তারা কোনো ব্যবস্থা নেননি।
অভিযোগে তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার পাশাপাশি ‘সুপিরিয়র রেসপনসিবিলিটির’ দায় আনা হয়েছে।
