তথ্যের ভারপ্রাপ্ত সচিব জিয়াউদ্দিন, প্রতিরক্ষা ও খাদ্যে নতুন সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার রাতে এসব আদেশ দিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আক্তারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সেখানে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদকে।
এছাড়া খাদ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদেও রদবদল এসেছে।
রোববার রাতে এসব আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাহবুবা ফারজানা ২০২৪ সালের ২৩ অক্টোবর তথ্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন খানকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, “জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
