২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় আইআরডির সচিব করে এ দায়িত্ব দেওয়া হয়েছে আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এ কর্মকর্তাকে।

৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

আহসান হাবিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 06:38 PM

Updated : 26 Oct 2026, 06:48 PM

ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের প্রায় চার মাস পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হলেন আয়কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব।

রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব করে এনবিআরের চেয়ারম্যান করা হয় আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এ কর্মকর্তাকে।

সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৯ জুন তাকে আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এ পদে দায়িত্ব পালনের চার মাস শেষ হওয়ার তিন দিন আগে তাকে ভারমুক্ত করা হলো।

এ পদে তাকে প্রেষণে পদায়ন করেছে সরকার; তার অবসরের আগে নিজ ক্যাডারে ফিরে যাওয়ার কথা বলেছে প্রজ্ঞাপন।

এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক (ডিজি) ছিলেন আহসান হাবিব। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই সিআইসি প্রধানের দায়িত্ব পান আহসান হাবিব। দায়িত্ব নেওয়ার পর থেকেই বড় শিল্প গ্রুপগুলোর ‘কর ফাঁকি’ সামনে আনতে থাকেন তিনি।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অগাস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে রদবদল আনে।

ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়, যা এনবিআরের ইতিহাসে বিরল।

এ রদবদলের অংশ হিসেবে তখনকার সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করা হয়। তার স্থলে বসানো হয় তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে।

আহসান হাবিব কর অঞ্চলের দায়িত্বে থাকা অবস্থাতেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ পরিবারের ব্যাংক হিসাব তলব ও কর ফাঁকি উদ্ঘাটনে কাজ শুরু করলে কিছু দিনের মাথায় তাকে গোয়েন্দা সংস্থায় পদায়ন করা হয়।

আহসান হাবিব ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পান।

এনবিআরে কাজ করেন মূলত কাস্টমস ও কর ক্যাডারের কর্মকর্তারা। এই দুই ক্যাডার থেকে সচিব হওয়ার সুযোগ না থাকায় অনেকেই উপসচিব পুল হয়ে পরে সচিব হয়েছেন।

তবে সরাসরি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় কাউকে চাইলে সচিব করতে পারে সরকার। এর আগে এনবিআর কর্মকর্তা কাস্টমস ক্যাডারের মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করে সরকার; সেটিও অন্তর্বর্তী সরকারের আমলে।

এবার বিএনপি প্রশাসন আয়কর ক্যাডার থেকে আহসান হাবিবকে সচিব করল।

পুরনো খবর:

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব