যাচাই করে হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও নতুন করে দেওয়ার সুপারিশ
ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশও করেছে কমিটি।
হজ এজেন্সির কার্যক্রম যাচাই-বাছাই করে তাদের লাইসেন্স বাতিল ও নতুন করে দেওয়ার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
পাশাপাশি হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দিয়েছে কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ২০২৪ সালে সংশোধিত হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
“বিদ্যমান হজ এজেন্সিসমূহের পারফরমেন্স যাচাই-বাছাই করে ন্যায় সঙ্গতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।”
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্প, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র ও তিনটি ইসলামিক মিশন হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
ঝালকাঠির রাজাপুর উপজেলার মিশনসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখল জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধারের সুপারিশ করেছে কমিটি।
মডেল মসজিদে বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবহারের ব্যয় কমাতে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
সব মসজিদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার সিস্টেম) স্থাপনের সর্বশেষ অবস্থা পরবর্তী বৈঠকে তুলে ধরতে বলেছে কমিটি।
ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে পাস করা প্রার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়।
ইসলামিক মিশন হাসপাতাল ও মিশন কেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
মিশন হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে সাধারণ মানুষকে মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এছাড়া ইসলামিক মিশন কেন্দ্রগুলোর মাধ্যমে পরিচালিত চিকিৎসাসেবা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে নেওয়া কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশনের কাজে গতি আনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে কমিটির সদস্য ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, সুবর্ণা সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।
