ওয়ারীতে হোটেল ম্যানেজার হত্যায় গ্রেপ্তার ১
হোটেলে মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীর সঙ্গে বিতণ্ডার জেরে এ খুনের ঘটনা ঘটে।
রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলের ব্যবস্থাপক নাঈমুল ইসলামকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০।
রোববার পুলিশের এ ইউনিটের বার্তায় জানানো হয়, ইরান কাজী নাম মামলার এ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা বলা হয়নি বার্তায়।
রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দিরের পাশে গত শুক্রবার ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে হোটেলটির ব্যবস্থাপক নাঈমুল নিহত হন; আহত হন আরও কয়েকজন কর্মী।
হোটেলের সামনে রাতে মুরগির অস্থায়ী দোকান বসানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিরোধ ছিল। একটি মুরগি হোটেলে ঢুকে পড়াকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীর সঙ্গে এনায়েত ওরফে অ্যানির বাগ্বিতণ্ডা হয়। পরে অ্যানি ও তার ছেলে ইরান কাজী হোটেলে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই ওয়ারী থানায় হত্যা মামলা করেন।
