৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাদুশকার ৮৭ ও শেষ জুটিতে পাকিস্তানের আশা মাড়িয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস লড়াইয়ে ১ উইকেটের নাটকীয় জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা জিতল শ্রীলঙ্কা ‘এ’ দল।

মাদুশকার ৮৭ ও শেষ জুটিতে পাকিস্তানের আশা মাড়িয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

জয়ের পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের উল্লাস। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 12:37 AM

Updated : 30 Nov 2026, 12:37 AM

হাসান নাওয়াজের ফুল লেংথ ডেলিভারি বোলারের পাশ দিয়ে সজোরে খেললেন লাহিরু সামারাকুন। বলের পরিণতি বুঝতে পেরে দুই হাত ছড়িয়ে ডাগআউটের দিকে দৌড়াতে শুরু করলেন তিনি। তার সতীর্থরাও ছুটে এসে ঘিরে ধরল তাকে। মেতে উঠল তারা আনন্দ-উল্লাসে।

অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটাররা হাঁটু গেড়ে বসে পড়েছেন, যা ঘটে গেল, তা যেন বিশ্বাসই করতে পারছেন না তারা।

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে তৃতীয়বারের মতো এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা ‘এ’ দল।

দোহায় রোববারের ফাইনালে লঙ্কানদের জয় ১ উইকেটে। নিশান মাদুশকার ৯৫ বলে ৮৭ রানের দারুণ ইনিংসের পর, ২২ রানের শেষ জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌছে যায় তারা।

এ দিন পাকিস্তান ‘এ’ দল ৫০ ওভারে করে ৯ উইকেটে ২১৬ রান। সর্বোচ্চ ৬০ রান করেন শাজাইব খান।

লক্ষ্য তাড়ায় প্রথম ১০ ওভারে দুই ওপেনারকে হারিয়ে শ্রীলঙ্কা করে ৬০ রান। মাদুশকা ও অধিনায়ক পাভান রাত্নায়েকে তৃতীয় উইকেটে ৮০ রানের জুটিতে এগিয়ে নেন দলকে। এই জুটির ব্যাটিং দেখে মনে হচ্ছিল, শ্রীলঙ্কা সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু সুফিয়ান মকিম একই ওভারে রাত্নায়াকে ও নিপুন ধানাঞ্জাকে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন।

এরপর আরও দুটি উইকেট হারালেও, মাদুশকা ক্রিজে থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার হাতেই। কিন্তু দুই ওভার মিলিয়ে পাঁচ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। যার মধ্যে আছেন মাদুশকাও।

৬ উইকেটে ১৯৮ থেকে দ্রুতই শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৯ উইকেটে ১৯৮!

তখনও শ্রীলঙ্কার দরকার ১৯ রান। পাকিস্তানের জয়ের পাল্লাই তখন বেশি ভারী। কিন্তু তাদের হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কাকে রোমাঞ্চকর জয় এনে দেন ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান সামারাকুন ও গরুকা সানকেথ।

চার মেরে জয় নিশ্চিত করা সামারাকুন অপরাজিত থাকেন ২২ বলে ১৫ রানে। শ্রীলঙ্কা লক্ষ্যে পৌঁছে যায় ৫১ বল বাকি থাকতে।