৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

দুইবার পিছিয়ে পড়েও সিটির বিপক্ষে আর্সেনালের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম‍্যাচে ড্র করল আর্সেনাল ও ম‍্যানচেস্টার সিটি।

দুইবার পিছিয়ে পড়েও সিটির বিপক্ষে আর্সেনালের ড্র

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 12:32 AM

Updated : 30 Nov 2026, 12:38 AM

ব‍্যর্থতার চক্রে আটকে পড়া ম‍্যানচেস্টার সিটি দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না। দুইবারই সমতা ফিরিয়ে হার এড়াল আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার শিরোপা প্রত‍্যাশী দুই দলের লড়াই শেষ হয়েছে ২-২ সমতায়। দুই অর্ধে হয়েছে দুটি করে গোল।

আর্লিং হলান্ডের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর সমতা ফেরান কাই হাভার্টজ। এন্সো ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর ফের আর্সেনালকে সমতায় ফেরান ইউরিয়েন টিম্বার।

এমিরেটস স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে খেলা। দশম মিনিটে সিটির জালে বল পাঠায় আর্সেনাল। তবে অফসাইডের জন‍্য মেলেনি গোল।

পাঁচ মিনিট পর খুব কাছ থেকে ইউরিয়েন টিম্বারের শট ঠেকান সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

অষ্টাদশ মিনিটে লাল কার্ড দেখতে পারতেন টিম্বার। জেরেমি ডোকু দাবি করেন, তার চুল ধরে টান দিয়েছিলেন আর্সেনাল ডিফেন্ডার। তবে ভিএআরে পরীক্ষার পর তাকে লাল কার্ড দেখাননি রেফারি।

৩৪তম মিনিটে এগিয়ে যায় সিটি। চতুর্থ খেলোয়াড় হিসেবে আর্সেনালের বিপক্ষে টানা পাঁচ ম‍্যাচের জালের দেখা পান হলান্ড।

এই গোলে দারুণ অবদান ইয়োশকো ভার্দিওলের। টিম্বারের দুই পায়ের ফাঁক দিয়ে বল বের করে নিয়ে নিখুঁত কাট ব‍্যাকে অরক্ষিত হলান্ডকে খুঁজে নেন ক্রোয়াট ডিফেন্ডার। বাকিটা অনায়াসে সারেন তারকা স্ট্রাইকার।

এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ থাকেনি সিটির। ৪০তম মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। ক্রিস্টোস ডিজোলিসের ক্রসে মিকেল মেরিনোর হেডে বল পেয়ে জোরাল হেডে জাল খুঁজে নেন হাভার্টজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় সিটি। ৪৮তম মিনিটে নিজেদের অর্ধে মার্টিন ওদেগোরের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাম উইং দিয়ে দারুণ গতিতে এগিয়ে যান আয়ুব বুয়াদি। একটু সময় নিয়ে বল বাড়ান তিনি, আর ডি বক্সে ছুটে গিয়ে চলতি বলেই প্রথম স্পর্শ ঠিকানা খুঁজে নেন ফের্নান্দেস।

তিন মিনিট পর ব‍্যবধান বাড়তে দেননি টিম্বার। গোললাইনের খুব কাছ থেকে বল ফিরিয়ে দেন তিনি। ৫৫তম মিনিটে টিম্বারের ফ্লিক ঠেকিয়ে ব‍্যবধান ধরে রাখেন দোন্নারুম্মা।

৬২তম মিনিটে ভিক্তর ইয়োকেরেশের হেড লাগে দূরের পোস্টে। খুব কাছ থেকে ফিরতি বল বাইরে মেরে দলকে হতাশ করেন টিম্বার।

সাত মিনিট পর সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ইয়োকেরেশ। ননি মাদুয়েকের চমৎকার ক্রসে পেনাল্টি স্পটে বল পেয়ে ঠিক মতো শটই নিতে পারেননি অরক্ষিত সুইডিশ স্ট্রাইকার!

৮৩তম মিনিটে কর্নার থেকে শরীর দিয়ে কোনোমতে জালে বল পাঠান টিম্বার। ভিএআরে অনেকবার পরীক্ষা করে গোলের ইশারা দেন রেফারি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক লক্ষ‍্যে রাখতে পারেননি এলিয়ট অ‍্যান্ডারসন। ষষ্ঠ মিনিটে কর্নারে জটলা থেকে জাল খুঁজে নিতে পারেনি সফরকারীরা। সমতায় শেষ হয় রোমাঞ্চকর লড়াই।

১২ ম‍্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে সিটি।