৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে সাজা শেষে বহিষ্কার বাংলাদেশি আলমগীর

২০২২ সালে সমকামী যৌন সম্পর্কের ভিডিও ধারণের দায়ে দণ্ডিত হন তিনি।

মালদ্বীপে সাজা শেষে বহিষ্কার বাংলাদেশি আলমগীর

আলমগীর, ছবি: দ্য এডিশন, মালদ্বীপ।

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 12:23 AM

Updated : 30 Nov 2026, 12:23 AM

মালদ্বীপে সমকামী যৌন সম্পর্কের ভিডিও ধারণের মামলায় কারাদণ্ড ভোগের পর বাংলাদেশি নাগরিক আলমগীরকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের কারণে আগামী ১০ বছর তিনি মালদ্বীপে ফিরতে পারবেন না।

রোববার মালদ্বীপের ইংরেজি ভাষার অনলাইন সংবাদমাধ্যম দ্য এডিশন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কারাভোগ শেষে নিজ দেশে ফেরত পাঠানোর আবেদন করেছিলেন আলমগীর। পরে মালদ্বীপের কারা কর্তৃপক্ষ তাকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার তাকে মালদ্বীপ থেকে বহিষ্কার করা হয় বলে ইমিগ্রেশনের এক গণমাধ্যম কর্মকর্তা জানিয়েছেন।

মালদ্বীপের অভিবাসন আইন অনুযায়ী, দেশটি থেকে বহিষ্কৃত ব্যক্তিরা ১০ বছর পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারেন না।

মালদ্বীপের কয়েকজন নাগরিকের সঙ্গে সমলিঙ্গের যৌন সম্পর্কের ভিডিও ধারণের ঘটনায় আলমগীরের বিরুদ্ধে পর্নোগ্রাফি ধারণের ৪০টি অভিযোগ আনা হয়েছিল। ২০২২ সালের সেপ্টেম্বরে অভিযোগ স্বীকার করার পর আদালত তাকে দণ্ডিত করেন।

মালদ্বীপের দণ্ডবিধি অনুযায়ী, পর্নোগ্রাফি ধারণের প্রতিটি অভিযোগে ২৭ দিনের কারাদণ্ডের বিধান রয়েছে। একাধিক অভিযোগের ক্ষেত্রে প্রতিটির জন্য সাজা বাড়তে থাকে। তবে রিমান্ডে কাটানো সময় বিবেচনায় নিয়ে আলমগীরের মোট সাজা কমিয়ে দুই বছর নয় মাস নির্ধারণ করা হয়।

এর আগে, একই ঘটনায় সমকামী যৌন সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ৩১ অগাস্ট আলমগীরকে সাত মাস ছয় দিনের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির ফৌজদারি আদালত। ওই মামলায় দোষ স্বীকার করায় তার সাজা কমানো হয়েছিল।

পরবর্তী সময়ে ভিডিও ধারণের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হয়। একই ঘটনায় আলমগীরের সঙ্গে জড়িত মালদ্বীপের কয়েকজন নাগরিককেও কারাদণ্ড দেওয়া হয়েছিল।