পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১১ কয়লা খনি শ্রমিক নিহত
চামালাং কয়লাখনিতে কর্মরত শ্রমিকরা দুটি মিনিট্রাকে করে যাচ্ছিলেন, পথে বন্দুকধারীরা তাদের গাড়ির গতিরোধ করে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কয়লাখনি শ্রমিকদের বহনকারী দুটি ট্রাকে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১১ জন নিহত হয়েছেন।
রোববার বেলুচিস্তানের পার্বত্য জেলা কোহলুতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর হামলাকারীরা পালিয়ে গেছে।
কোহলুর পুলিশ প্রধান তৈয়ব ইকবাল জানান, চামালাং কয়লাখনিতে কর্মরত ওই শ্রমিকরা দুটি মিনিট্রাকে করে যাচ্ছিলেন। পথে বন্দুকধারীরা গাড়ি দুটির গতিরোধ করে।
ইকবাল বলেন, "হামলাকারীরা গাড়ি দুটির চালককে ছেড়ে দিলেও শ্রমিকদের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাদের হত্যা করে।"
তিনি জানান, পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে আর হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে 'চরম বর্বরতা' বলে অভিহিত করেছেন।
আফগানিস্তান ও ইরান সীমান্ত সংলগ্ন খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে জর্জরিত।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে অস্থিরতা কবলিত এই প্রদেশটিতে সাম্প্রতিক অনেক হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানি কর্তৃপক্ষ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) দায়ী করে আসছে।
