২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

কলম্বিয়ায় অবৈধ সোনার খনি ধসে নিহত ১৪

কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে বৈধ অনুমতিহীন খনি খনন একটি সাধারণ ব্যাপার আর এগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

কলম্বিয়ায় অবৈধ সোনার খনি ধসে নিহত ১৪

কলম্বিয়ার একটি অবৈধ সোনার খনি। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 03:21 PM

Updated : 20 Oct 2026, 03:21 PM

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি অবৈধ সোনার খনি ধসে ১৪ জন নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নারিনিয়ো প্রদেশের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে অঞ্চলের গ্রামীণ এলাকা চাম্বেইরোতে ঘটনাটি ঘটেছে।

নারিনিয়োর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

রয়টার্স জানিয়েছে, কাজের পরিবেশ ও নিরাপত্তা মান উন্নত করার লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে অবৈধভাবে খনি কার্যক্রম পরিচালনাকারীদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর এসকোবার।

এর আগে অগাস্টে নারিনিয়োর পোলিকার্পা শহরের নিকটবর্তী আরেকটি অবৈধ সোনার খনিতে একই ধরনের ধসের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।

কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে বৈধ অনুমতিহীন খনি খনন একটি সাধারণ ব্যাপার। এসব খনিতে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তামূলক অবকাঠামোর অভাব থাকে আর এর ফলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।