৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

১৮২ নাগরিকের বিবৃতি: কয়েকজনের অস্বীকৃতি, প্রেরকের দুঃখ প্রকাশ

সংবাদমাধ্যমে বিবৃতি প্রেরকদের একজন কবি মীর রবি বলেছেন, “আমরা তাদের নাম প্রত্যাহার করছি এবং ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করব।”

১৮২ নাগরিকের বিবৃতি: কয়েকজনের অস্বীকৃতি, প্রেরকের দুঃখ প্রকাশ

প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:55 PM

Updated : 29 Nov 2026, 11:55 PM

পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মন্তব্যের প্রতিবাদে প্রকাশিত ১৮২ নাগরিকের যৌথ বিবৃতিতে নিজের এবং কয়েকজন বিদেশির নাম অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডার কার্লটন ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষক মাহমুদ হাসান।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে পাঠানো এক ‘স্পষ্টীকরণ’ বার্তায় তিনি দাবি করেছেন, বিবৃতিটি সম্পর্কে তিনি অবগত নন এবং এতে সম্মতিও দেননি।

এছাড়া যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের নৃবিজ্ঞান ও উন্নয়ন বিষয়ের অধ্যাপক ডেভিড লুইসও এদিন রাতে এক ফেইসবুক পোস্টে এ বিবৃতিতে সম্মতি দেননি বলে জানিয়েছেন। ওই বিবৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকার কথা বলেছেন।

বিবৃতিতে এসব ব্যক্তির নাম না থাকার বিষয়ে জানতে চাইলে শনিবার সংবাদমাধ্যমে বিবৃতি প্রেরকদের একজন কবি মীর রবি বলেছেন, পূর্ব সম্মতি ধরেই একজন সমন্বয়কারী নামগুলো পাঠিয়েছিলেন এবং আপত্তির মুখে সংশ্লিষ্টদের নাম প্রত্যাহার করা হচ্ছে।

কারও পক্ষ থেকে আপত্তি আসার বিষয়ে ‘আন্তরিকভাবে দুঃখ’ প্রকাশ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাদের নাম প্রত্যাহার করছি এবং ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করব।”

শনিবার প্রকাশিত ওই বিবৃতিতে দেশি বিদেশি বিভিন্ন অঙ্গনের ১৮২ জন নাগরিকের নাম স্থান পায়। বিবৃতিদাতাদের তালিকায় দেশি-বিদেশি শিক্ষক, গবেষক, লেখক, শিল্পী ও মানবাধিকারকর্মীদের পাশাপাশি মাহমুদ হাসান, ও ডেভিস লুইসের নামও ছিল।

এ বিষয়ে মাহমুদ হাসান লিখিত বার্তায় বলেন, “উল্লিখিত বিবৃতির বিষয়ে আমি অবগত নই। বিবৃতিতে স্বাক্ষর করিনি, এতে আমার নাম অন্তর্ভুক্ত করার সম্মতিও দিইনি।”

তিনি বলেন, কয়েক মাস আগে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ‘ঢালাও অভিযোগ ও তদন্তের বিষয়ে’ উদ্বেগ জানিয়ে প্রকাশিত একটি বিবৃতিতে স্বাক্ষরকারী অনেক দেশি-বিদেশি শিক্ষক, গবেষক, লেখক ও মানবাধিকারকর্মীর নাম বর্তমান তালিকায় রয়েছে।

তার ভাষ্য, আগের বিবৃতিটি ছিল মূলত একাডেমিক স্বাধীনতা ও শিক্ষকদের হয়রানির বিষয়ে, যার সঙ্গে বর্তমান বিবৃতির বিষয়বস্তু ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

মাহবুব হাসান বলেন, আগের বিবৃতির স্বাক্ষরকারীদের নাম এখানে কীভাবে এল, তা অনিচ্ছাকৃত ভুল বা বিভ্রান্তির ফল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা তার জানা নেই।

তবে বিদেশি নাগরিকদের নাম অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হওয়ায় প্রেক্ষাপট তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি।

তাদের এমন প্রতিক্রিয়ায় বিষয়ে বিবৃতি প্রেরকদের একজন মীর রবি বলেন, “তার পূর্ব সম্মতি ধরেই আমাদের একজন বিবৃতি সমন্বয়কারী নামগুলো পাঠিয়েছিল। কিন্তু বিবৃতি প্রকাশের পর কেউ কেউ আপত্তি জানাচ্ছেন। আমরা তাদের আপত্তিকে আমলে নিয়ে তাদের নাম সরানোর আহ্বান করছি।”