২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

“বিষয়টি ইসিকে জানানো হয়েছে; পরে নতুন সময় নির্ধারণ হলে বিএনপি সেদিন অংশগ্রহণ করবে,” বলেন শায়রুল কবির খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:37 PM

Updated : 29 Nov 2026, 11:37 PM

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিন সোমবার নির্বাচন কমিশনে যাচ্ছে না ক্ষমতাসীন দল বিএনপি।

দলটি আলাদাভাবে সংলাপ করবে নির্বাচন কমিশনের সঙ্গে। এজন্য সময় চেয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিএনপিসহ ১৮টি দলের সঙ্গে সংলাপে বসার কথা ছিল ইসির। তবে শেষ মুহূর্তে সংলাপে অংশ নিচ্ছে না দলটি।

রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নতুন করে সময় চেয়েছে বিএনপি। পরবর্তী সময়ে দিনক্ষণ চূড়ান্ত হলে সংলাপে অংশ নেবে দলটি।

তিনি বলেন, "সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি ইসিকে জানানো হয়েছে। পরে নতুন সময় নির্ধারণ করে জানালে বিএনপি সেদিন সংলাপে অংশ নেবে।"

নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তাও বলেন, সোমবারের নির্ধারিত দিনে বিএনপির অংশ নিচ্ছে না। সংলাপসুচি অনুযায়ী বাকি দলগুলোর সঙ্গে সকাল সাড়ে ১০টা থেকে মতবিনিময় চলবে।

সোমবারের সংলাপে যারা

ইসি এদিন গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি— বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গে বসবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপির সঙ্গেও বসার সূচি রয়েছে সোমবার।

এস দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ, জাগপা ও খেলাফত মজলিশ— এ তিন দল ১১ দলীয় ঐক্যে রয়েছে।

রোববার সংলাপের প্রথম দিনে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এলডিপি সংলাপে অংশ নেয়নি। বিরোধী দলও জোটের শরিকদের নিয়ে ইসির সঙ্গে আলাদা বসতে চায়।

এদিন জাতীয় পার্টি ইসির সংলাপে অংশ নেয়নি।

তৃতীয় দিন মঙ্গলবারে এনসিপিসহ ১৮টি দলের সঙ্গে ইসির সংলাপ রয়েছে।

পুরনো খবর:

সংলাপ: ইউপি নির্বাচনে জামানত কমানো ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুলো