২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: দলের সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার

“আমরা ১১ দলীয় ঐক্যের সবাই একসাথে ইসির সাথে বসতে চাই,” বলেন জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।

ইউপি ভোট: দলের সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 10:28 PM

Updated : 28 Nov 2026, 10:28 PM

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুরু করছে নির্বাচন কমিশন-ইসি।

বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ৫৫টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় পার্টিও এবার ইসির ডাক পেয়েছে।

নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নেই সংলাপে; আর ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও তরিকত ফেডারেশনকে আমন্ত্রণ জানানো হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিন সংলাপে সভাপতিত্ব করবেন। থাকবেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

রোববার থেকে টানা তিনদিন (২৯ নভেম্বর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর) ধারাবাহিকভাবে এ সংলাপ অনুষ্ঠিত হবে। দলের প্রতিনিধিরা এ সংলাপে মতামত ও পরামর্শ দেবেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে মতবিনিময়।

দলের চেয়ারম্যান বা সাধারণ সম্পাদকের কাছে দুজন প্রতিনিধির অংশগ্রহণ চেয়ে চিঠি দিয়েছে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে নির্বাচন পরিচালনার জন্য দলগুলোর প্রতিনিধিদের মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। ইসি সবার সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন করতে চায়।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাইতে মূলত এ সংলাপের আয়োজন করেছে ইসি, বলেন তিনি।

Image
নির্বাচন ভবন

বিএনপি সোমবার, জামায়াত-এনসিপি কোন দিন?

দলের নিবন্ধনক্রম অনুযায়ী প্রথমদিন রোববার সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়।

সোমবার ইসলামী আন্দোলনসহ ১৮ দলকে আমন্ত্রণ জানানো হয়।

আর মঙ্গলবার তৃতীয় দিনে এনসিপিসহ ১৮ দলকে আমন্ত্রণ জানায় ইসি।

এরইমধ্যে বিএনপি সংলাপের সময় সূচি পরিবর্তন করে সোমবার বসতে চায়। নির্বাচন কমিশনও নির্ধারিত দিন পিছিয়ে ৩০ নভেম্বর সংলাপ চূড়ান্ত করে।

আর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইসিকে মৌখিকভাবে জানানো হয়েছে, তারা ১১ দলীয় ঐক্য একসঙ্গে সংলাপে আসতে চায়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি ইসির কাছে আসেনি।

জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “বিএনপির সঙ্গে সংলাপ এক দিন পেছানো হয়েছে। সোমবার দলটি অংশ নেবে।”

জামায়াতে ইসলামী জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি জানান, রোববার সংলাপসূচি রয়েছে। এনসিপির রয়েছে মঙ্গলবার। দল-জোটগত সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট দলের; এখন সংলাপের সময় নির্ধারণের বিষয়টি ইসির।

জোটগতভাবে নির্ধারিত দিনে সংলাপে না এলে পরবর্তী সময় দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে বলে জানান ইসি সচিব।

রোববার জামায়াতসহ সমমনা দল না গেলে ১৫টি দল অংশ নেবে।

১১ দলীয় ঐক্য আলাদা বসতে চায়

ইসির সঙ্গে সংলাপের প্রথম দিনে জামায়াত অংশ নিচ্ছে না বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার রাতে সংলাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসাথে ইসির সাথে বসতে চাই। এজন্য ইসির কাছে বিষয়টি জানানো হয়েছে। প্রথম দিনে জামায়াত জোটে যে দল ছিল তারা সংলাপে যাবে না; পরে যোগ দেবে।”

সূচি অনুযায়ী, ১১ দলীয় ঐক্যের শরিক এনসিপির সঙ্গে সংলাপ মঙ্গলবার।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জামায়াত নেতা জুবায়ের বলেছেন, “কোনো দল হয়ত বসতে পারে। এতে অসুবিধা নেই। কিন্তু আমরা ইসির কাছে ১১ দলীয় ঐক্যের সঙ্গে সংলাপের জন্য আলাদা স্লট চেয়েছি; একসাথে বসবো। বিষয়টি এখন কমিশন বিবেচনা করবেন।”

রোববার সংলাপে যারা ডাক পেয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপি, জাতীয় পার্টি—জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

এরমধ্যে জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ দলীয় জোটে রয়েছে।

৩০ নভেম্বর যারা ডাক পেয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ—বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।

এরমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ, জাগপা, খেলাফত মজলিশ- এ তিন দলও ১১ দলীয় ঐক্যে রয়েছে।

১ ডিসেম্বর যারা ডাক পেয়েছে

ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন—বিএনএম, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এরমধ্যে এবি পার্টি, ডেভেলপমেন্ট পার্টি, লেবার পার্টি, এনসিপি ও নেজামে ইসলাম পার্টি- পাঁচটি দলও ১১ দলীয় জোটে রয়েছে।

এবার নির্দলীয় স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি।

এছাড়া তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

প্রথমধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরনো খবর:

ইউপি ভোট: ২৯ নভেম্বর-১ ডিসেম্বর ইসির সংলাপ