আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে এমপিপুত্রকে বিএনপির শোকজ
আবুল কাউসার আশার বাবা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজনদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বৃহস্পতিবার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত নোটিশটি ইস্যু করা হয়। শনিবার বিষয়টি জানাজানি হয়।
হোয়াটসঅ্যাপে নোটিশ পেয়েছেন জানিয়ে আবুল কাউসার আশা বলেন, তিনি লিখিতভাবে এর জবাব দিয়েছেন।
আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। তার বাবা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। আশা বর্তমানে বাবার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
নোটিশে বলা হয়েছে, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকেও আশা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। পাশাপাশি শামীম ওসমানের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত করেছেন এবং নিজের মিছিল-মিটিংয়ে গুরুত্ব দিয়েছেন। এতে দলের ত্যাগী নেতা-কর্মীদের উপেক্ষা করা হয়েছে এবং দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়।
নোটিশে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারের সঙ্গে আশার বিভিন্ন ছবির কথাও বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আবুল কাউসার আশা বলেন, তিনি বিএনপির পরীক্ষিত কর্মী। দলের বিভিন্ন পদে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি মামলায় কারাভোগ এবং হামলা-নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
নোটিশে উল্লেখ করা ব্যক্তিদের বিষয়ে আশার দাবি, আক্তার হোসেন মোল্লা নির্দলীয়ভাবে নির্বাচিত জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। হাবিবুর রহমান বিএনপির কর্মী ও বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
অন্যদিকে, আইয়ুব মেম্বার আগে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নেওয়ার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে দাবি করেন আশা।
আশার অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ৫ অগাস্টের পর মামলা-বাণিজ্য এবং অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতা ও মাদক ব্যবসায়ীদের জামিন করানোর বিরোধিতা করায় তিনি একটি পক্ষের বিরাগভাজন হয়েছেন বলেও দাবি করেন।
তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
অপরদিকে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
