মেট্রোরেলের নিরাপত্তায় আশপাশের ভবন থেকে প্রতিশ্রুতিপত্রে সই নিচ্ছে পুলিশ
“সেখানে লেখা রয়েছে, ‘আমার বাসা থেকে কোনো নাশকতা চালানো হবে না’।”
মেট্রোরেলে হামলা বা নাশকতা ঠেকাতে আশপাশের ভবনের মালিকদের সতর্ক থাকতে বলেছে পুলিশ।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা।
কারো কাছ থেকে মৌখিকভাবে, কারো কাছ থেকে লিখিতভাবে প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পথটি অন্তত ১১টি থানা এলাকার মধ্যে পড়েছে। তবে মেট্রোরেলের বিশেষ নিরাপত্তার জন্য আলাদা ইউনিট গঠন করেছে পুলিশ।
২০২৩ সালের মে মাসে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দেয় সরকার।
কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) মাসনুন আলম বলেন, মেট্রোরেলের আশপাশের ভবন মালিকদের কাছ থেকে একটি প্রতিশ্রুতিপত্রে সই নেওয়া হয়েছে।
“সেখানে লেখা রয়েছে, ‘আমার বাসা থেকে কোনো নাশকতা চালানো হবে না’।”
মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ধরনের প্রতিশ্রুতি নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বাড়ানো, যেন ভবন মালিকরা সতর্ক থাকেন এবং কোনো কিছু হলে সাধারণ মানুষ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দায়বদ্ধ থাকেন।
এতে বেশ সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।
পুলিশ বলছে, ভবনের ছাদ, বারান্দাসহ খোলা জায়গায় অযথা বিচরণ না করা, কোনো ভবনে অফিস বা ভাড়াটিয়া থাকলে সংশ্লিষ্টদের নাম-পরিচয় ছাড়াও যারা সেবা নিতে আসেন বা বহিরাগত, তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
ওসি কামরুজ্জামান বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে বা কারও আচরণে সন্দেহ হলে তিনি যেন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান, সে কথাও বলা হয়েছে। এক্ষেত্রে কারও সহযোগিতা পাওয়া না গেলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
২০২৩ সালের ৩০ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে মেট্রোরেলের জানালায় ঢিল ছোঁড়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।
পরের দিন মেট্রোরেল আইন, ২০১৫-এর ৩৫ ও ৪৩ ধারা এবং দণ্ডবিধির ৪২৭ ধারায় কাফরুল থানায় মামলা হয়। মেট্রোরেল আইন গঠনের পর এটিই প্রথম মামলা। ওই ঘটনায় ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা দেখানো হয়েছে।
