২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ চট্টগ্রামে গ্রেপ্তার ১

তার কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:31 PM

Updated : 22 Nov 2026, 06:31 PM

চট্টগ্রামে পাঁচ হাজার জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার নগরীর টেরিবাজার এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল মাবুদ (৫৩)। তিনি ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির মালিক।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজার বাই লেইন কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে আব্দুল মাবুদকে গ্রেপ্তার করা হয়।

“এসময় তার কাছ থেকে সার্বিয়ার পাঁচ হাজার জাল স্টিকার ভিসা ও ভিসার কাগজ এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।”

পরিদর্শক ইকবাল বলেন, মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমান বন্দর থানায় প্রতারণা ও পাসপোর্ট আইনের একটি মামলা আছে। রোববার চট্টগ্রামের কোতোয়ালী থানায় আরও একটি মামলা হয়েছে।

তিনি বলেন, “ঢাকার মগবাজারে আয়েশা ট্রাভলস অ্যান্ড টুরিজম নামে মাবুদের একটি প্রতিষ্ঠান আছে। আমাদের ধারণা, তিনি বিদেশ পাঠানোর নামে জাল ভিসা নিয়ে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।”

এদিকে রোববার বিকালেই মাবুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়ে পরিদর্শক ইকবাল বলেন, “এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ভিকটিম যোগাযোগ করেনি। মানুষের কাছ থেকে টাকা নিয়ে কীভাবে সে প্রতারণা করে, সেটি তদন্ত করে দেখা হবে।”