২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিদেশ ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৯ সালের ৯ অক্টোবর নিজ বাসায় খুন হন সালেহা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:23 PM

Updated : 22 Nov 2026, 06:23 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান।

দণ্ডিত মোবারক হোসেন (৩৯) নরসিংদীর মাধবদী উপজেলার খাদিমার চর এলাকার বাসিন্দা।

মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৯ সালের ৯ অক্টোবর নিজ বাসায় খুন হন সালেহা বেগম। আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ার হাসেন আলীর মেয়ে সালেহা ওই ঘটনার কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।

ঘটনার পর হাসেন আলী তার মেয়ের স্বামী মোবারককে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের বছরের ১ এপ্রিল তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আদালত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করেছে। রায় ঘোষণার পর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক আব্দুস সামাদ।