২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্তিকের ৩৬, এগিয়েছেন ‘পরিশ্রমে’

সিনেমা পরিবারের বাইরে থেকে আসা এই তরুণের জন্য বলিউডে কাজের সুযোগ পাওয়া সহজ ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:20 PM

Updated : 22 Nov 2026, 06:20 PM

দেড় দশক আগে যে তরুণ সিনেমা করে পকেটে পুরেছিলেন ৬৩ হাজার রুপি, সেই অভিনেতার পারিশ্রমিক এখন দাঁড়িয়েছে ৪০ কোটির কাছে। তিনি কার্তিক আরিয়ান, বলিউডের সিনেমা, ওটিটির এক জনপ্রিয় অভিনেতা।

রোববার আরিয়ানের ৩৬তম জন্মবার্ষিকীতে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’।

অভিনেতার আসল নাম কার্তিক তিওয়ারি। জন্ম গোয়ালিয়রে, বাবা, মা ও ছোটবোন পেশায় চিকিৎসক। নায়ক হতে পা রেখেছিলেন মুম্বাইয়ে। ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে, কিন্তু মন ছিল অভিনয়ে।

অডিশন দিতেন, বারবার প্রত্যাখ্যাত হতেন। সিনেমা পরিবারের বাইরে থেকে আসা এই তরুণের জন্য বলিউডে কাজের সুযোগ পাওয়া সহজ ছিল না।

লাভ রঞ্জনের নির্দেশনায় ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমায় আরিয়ানের বলিউডে পা রাখা। এক সাক্ষাৎকারে শুরুর সময়ের পারিশ্রমিক নিয়ে কথা বলেন আরিয়ান।

অভিনেতা বলেন, শুরুটা বিজ্ঞাপন, দেড় হাজার রুপি পর্যন্ত পেতেন। ‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমায় পারিশ্রমিক ছিল ৭০ হাজার রুপি।

“কর কেটে ছাঁটাই হয়ে ৬৩ হাজার রুপি হাতে আসে।”

পরে পরপর দুটি সিনেমা-‘আকাশবাণী’, ‘কাঞ্চি’ বক্স অফিসে খুব সাড়া ফেলতে না পারায় তার পথ আবার কঠিন হয়ে ওঠে। তবে তিনি থেমে যাননি।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘সনু কে টিটু কি সুইটি’ তার ক্যারিয়ারে বড় বাঁক এনে দেয়। সিনেমাটি সুপারহিট হওয়ার পর কার্তিককে আর উপেক্ষা করা যায়নি।

‘লুকা চুপি’, ‘পতি পত্নী অউর ওহ’, ‘সত্যপ্রেম কি কথা’-সব কটিই বাণিজ্যিকভাবে ভালো চলে। ২০১৮ সাল থেকে আরিয়ান অভিনীত মুক্তি পাওয়া আটটি সিনেমার পাঁচটি হিট হয়। এমন ধারাবাহিকতা এখন বলিউডে বিরল।

কোভিড মহামারী পরবর্তী সময়ে হিন্দি সিনেমা ছিল সবচেয়ে বড় সংকটে পড়ে। সে সয় মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’। সিনেমায় অক্ষয় কুমার মূল ব্যক্তি হলেও সমালোচকদের কথায়, আরিয়ানের জন্যই মানুষ হলমুখো হয়। এর পর আরিয়ানের ‘ফ্রেডি’ সিনেমাটিও জনপ্রিয় হয়।

২০২১ সালে ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমা ‘ধামাকা’র জন্য ২০ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানিয়েছেন আরিয়ান।

সবশেষে আসে ‘চান্দু চ্যাম্পিয়ন’, যেখানে আরিয়ান অভিনয় করেন ভারতীয় অ্যাথলেট মুরলিকান্ত পান্ডের চরিত্রে। আরিয়ান এই সিনেমার দীর্ঘদিন কুস্তি, দৌড়, ডায়েট, এমনকি পেশাদার ক্রীড়াবিদদের মত কোচিং নিয়েছেন।

কার্তিকের পরিচিতি মূলত রোমান্টিক নায়ক হিসেবে। তবে ‘চান্দু চ্যাম্পিয়ন’ দিয়ে নিজেকে ভেঙেছেন আরিয়ান।

বর্তমানে কত পারিশ্রমিক নেন সেটা খোলসা করেননি আরিয়ান। এই অংকটি ৪০ কোটি রুপি কি না জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে হেসে মাথা নাড়িয়ে সায় দিয়েছেন কার্তিক। যদিও কোন সিনেমার জন্য এই অঙ্কের চুক্তি করেছেন, তা স্পষ্ট করেননি।

সমালোচকদের ভাষ্য, আরিয়ান অভিনেতা হিসেবে ‘আহামরি’ না হলেও পরিশ্রমে এগিয়েছেন তিনি।

পুরনো খবর:

মঞ্চে উঠে কার্তিক আরিয়ান কেন গিটার ভাঙলেন
শুটিংয়ে বিস্ফোরণ, অন্ধও হয়ে যেতে পারতেন কার্তিক আরিয়ান!
‘পা কিছুদিন ছুটিতে থাকবে’, বললেন আরিয়ান