সাড়ে ১৮ লাখ টাকা ঋণের ৩২ শতাংশই খেলাপি: সংসদে অর্থমন্ত্রী
গত ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৫২ হাজার ৩২৩ কোটি ৫ লাখ টাকা।
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা মোট সাড়ে ১৮ লাখ টাকা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি।
জাতীয় সংসদে সোমবার সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য দেন।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ ছিল খেলাপি। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৫ লাখ ২ হাজার ৮৪৮ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ ছয় গুণের বেশি হয়েছে।
২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি। ২০২৩ সালে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকায়। মোট ঋণের ৮ দশমিক ৩৯ শতাংশ ছিল খেলাপি।
পরের বছর ২০২৪ সালে খেলাপি ঋণের পরিমাণ একলাফে বেড়ে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছায়। ওই বছর খেলাপি ঋণের হার দাঁড়ায় ১৭ দশমিক ৮৩ শতাংশে।
২০২৫ সালে খেলাপি ঋণ আরও বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট বিতরণ করা ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা খেলাপি।
২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৫২ হাজার ৩২৩ কোটি ৫ লাখ টাকা।
এদিকে ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে অবৈধভাবে পাচার করা রাষ্ট্রীয় সম্পদ ও অর্থ ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে।
“এই টাস্কফোর্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিনিধিরা রয়েছেন।”
অর্থমন্ত্রী জানান, পাচার করা অর্থ উদ্ধারের জন্য ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলা অনুসন্ধান ও তদন্তে দুদকের নেতৃত্বে ১১টি যৌথ দল গঠন করা হয়েছে।
অগ্রাধিকার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, নাবিল গ্রুপ, এইচবিএম ইকবাল এবং সামিট গ্রুপ।
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্তের কাজ চলছে বলে অর্থমন্ত্রীর জবাবে জানানো হয়।
বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে গত আগস্ট পর্যন্ত ১৪২টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৬টি মামলায় আদালতের রায় হয়েছে। এসব মামলার আওতায় আদালতের আদেশে দেশে ও বিদেশে মোট ৭৬ হাজার ৯৮৩ কোটি ৯৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে বলেও তথ্য দেন অর্থমন্ত্রী।
