১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮%

ব্যাংক ও পুঁজিবাজারে আস্থার সংকটের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:15 AM

Updated : 17 Nov 2026, 01:15 AM

উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে; কমেছে মানুষের সঞ্চয়ক্ষমতা। জাতীয় ও দেশজ সঞ্চয়ের হারও ধারাবাহিকভাবে কমছে। অথচ এর মধ্যেই বাড়ছে সঞ্চয়পত্রের নিট বিক্রি। তাতে এ খাত থেকে ঋণ পাচ্ছে সরকারও।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছিল ১ হাজার ৯৪৫ কোটি ৫৯ লাখ টাকা। সেই হিসাবে বিক্রি বেড়েছে ২৮ শতাংশ।

নিট বিক্রি বলতে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধের পর সরকারের কোষাগারে জমা থাকা অর্থকে বোঝায়।

সঞ্চয় অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে সঞ্চয়পত্র বাবদ সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪৯১ কোটি ৭৯ লাখ টাকা। তিন মাস আগে জুন শেষে এই স্থিতি ছিল ৩ লাখ ৩৪ হাজার ২ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে নিট বিক্রির পরিমাণ ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা।

এর আগের তিন অর্থবছর সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা ঋণাত্মক; ২০২৩-২৪ ও ২০২২-২৩ অর্থবছরে যথাক্রমে ২১ হাজার ১২৪ কোটি ও ৩ হাজার ২৯৬ কোটি টাকা।

ব্যাংকের চেয়ে বেশি মুনাফা ও নিরাপদ বিনিয়োগের সুযোগ থাকায় মানুষ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে বলে মনে করেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা এবং পুঁজিবাজারে মন্দার কারণে মানুষের আস্থা কমেছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে খরচ মিটিয়ে যাদের কিছু সঞ্চয় থাকছে, তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্র কিনছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে জিডিপির অনুপাতে জাতীয় সঞ্চয়ের হার ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাবে তা কমে ২৬ দশমিক ৯৩ শতাংশ হয়েছে। একই সময়ে দেশজ সঞ্চয়ের হার ২৫ দশমিক ৭৬ শতাংশ থেকে কমে ২১ দশমিক ৩৮ শতাংশে নেমেছে।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি জাতীয় সঞ্চয়ের হার কমার অন্যতম কারণ। আয়ের বড় অংশ ভোগ ব্যয়ে চলে যাওয়ায় জীবনযাত্রার খরচ মিটিয়ে মানুষের সঞ্চয়ের সক্ষমতা কমেছে।

বিবিএসের হিসাবে, গত তিন অর্থবছরে জিডিপিতে মোট ভোগ ব্যয়ের হার ৭৪ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৬২ শতাংশ হয়েছে।

গত অক্টোবরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।