চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৩%
পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এক টাকাও খরচ করতে পারেনি
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাড়ে ৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে; যা দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ইতিহাসে সর্বনিম্ন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় বরাদ্দ করা এক টাকাও খরচ করতে পারেনি।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ২০ হাজার ১৬০ কোটি টাকা খরচ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, যা মোট এডিপির ৬ দশমিক ৫৩ শতাংশ।
গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ; খরচ হয়েছিল ১৯ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ টাকা।
সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এডিপি বাস্তবায়নের এমন দশা উঠে এসেছে।
অর্থবছরের প্রথম চার মাসে দেশের ইতিহাসে শতাংশের হিসাবে এত কম অর্থ ব্যয় হওয়ার বিষয়ে বিশ্লেষকরা বলছেন, চব্বিশের আন্দোলনে ক্ষমতার পালাবদলের আগে থেকে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে ধীরগতি দেখা দিয়েছিল তা এখনও কাটেনি।
এডিপি বাস্তবায়নের সবশেষ তথ্য বলছে, অক্টোবরে ব্যয় হয়েছে ৮ হাজার ১৪২ কোটি ১১ লাখ টাকা; যা মোট এডিপির ২ দশমিক ৬৪ শতাংশ।
২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে ১ হাজার ১৭২টি উন্নয়ন প্রকল্পে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।
সাধারণত প্রায় সব আর্থিক বছরেই প্রথম দিকে এডিপি বাস্তবায়নের হার কম হয়ে থাকে। অর্থবছরের শুরুর দিকে মন্ত্রণালয় ও বিভাগগুলো সাধারণত প্রস্তুতিমূলক কাজ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করে। এ কারণে অর্থবছরের শুরুতে অর্থব্যয় কম হয়ে থাকে। পরের মাসগুলোতে ধীরে ধীরে তা বাড়ে। তবে এবার চার মাস পার হয়ে গেলেও এডিপি বাস্তবায়নে গতি লক্ষ্য করা যাচ্ছে না।
আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত ১৫ মন্ত্রণালয় ও বিভাগের গড় বাস্তবায়নের হার ১০ দশমিক ৯৭ শতাংশ।
অক্টোবর পর্যন্ত চার মাসে সবচেয়ে বেশি ২৪ দশমিক ১৫ শতাংশ বাস্তবায়ন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় সর্বোচ্চ ২০ দশমিক ৭৪ শতাংশ অর্থ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। তৃতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ ব্যয় করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।
অপরদিকে আইএমইডির তথ্য বলছে, জুলাই-অক্টোবর সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় তাদের প্রকল্পের অনুকূলে বরাদ্দ করা এক টাকাও খরচ করতে পারেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫টি প্রকল্পের জন্য চলতি অর্থবছরে ১৮৫ কোটি টাকা বরাদ্দ আছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে ৯৫৬ কোটি টাকা বরাদ্দ আছে।
২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা বরাদ্দ ছিল। এই বরাদ্দের বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা খরচ করেছিল। বাস্তবায়নের হার ছিল ৬৭ দশমিক ৫২ শতাংশ, সেটিও ছিল এ যাবৎকালের সর্বনিম্ন।
