প্রবৃদ্ধিতে ফিরেছে এলটিইউ ভ্যাট
প্রবৃদ্ধি এলেও অক্টোবরের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
দ্বিতীয় প্রান্তিকের প্রথম মাস অক্টোবরে প্রবৃদ্ধিতে ফিরেছে বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) বা এলটিইউ ভ্যাট।
সবশেষ হিসাব বলছে, চলতি অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই ইউনিট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত ২০২৫-২০২৬ অর্থবছরের অক্টোবরের তুলনায় ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা বেশি।
অর্থাৎ অক্টোবর মাসে রাজস্ব আদায় বেড়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ। গত অর্থবছর অক্টোবরে এলটিইউ ভ্যাট আদায় করেছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরেছে এনবিআর।
তবে আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় থাকলেও একক মাস হিসেবে যে লক্ষ্যমাত্রা ছিল, তা থেকে অনেকটাই পিছিয়ে এলটিইউ ভ্যাট।
এনবিআর বলছে, অক্টোবরের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। তবে যেটা আদায় হয়েছে, সেটা আগের যেকোনো অক্টোবরের চেয়ে বেশি।
এ অর্থবছরের বিগত মাসগুলোতে এলটিইউ ভ্যাট এর আদায় এর আগের সময়ের তুলনায় ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, এলটিইউ ভ্যাট ২০২২-২০২৩ অর্থবছরের অক্টোবরে ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ, ২০২৩-২০২৪ অর্থবছরের অক্টোবরে ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ, ২০২৪-২০২৫ অর্থবছরের অক্টোবরে ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।
ভ্যাট আদায় নেতিবাচক ধারায় চলার মধ্যে নতুন অর্থবছরের সাড়ে চার মাস পরেও কোনো মাসেরই রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করেনি এনবিআর।
প্রথমবার এসে কোনো একক সংস্থা বা ইউনিটের ইতিবাচক ধারায় রাজস্ব আদায়ে ফেরার তথ্য দিল কর আদায়ের সংস্থাটি।
