১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হোল্ডিং ট্যাক্স ফাঁকি: ৬ চসিক কর্মকর্তা ও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

দুদকের দুই কর্মকর্তা সোমবার মামলা দুটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:16 PM

Updated : 10 Nov 2026, 06:16 PM

হোল্ডিং ট্যাক্স ফাঁকির মাধ্যমে ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের ৬ কর্মকর্তা ও দুটি বেসরকারি কন্টেইনার ডিপোর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের দুই কর্মকর্তা মামলা দুটি করেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ সহকারি পরিচালক সায়েদ আলম।

সায়েদ আলম বলেন, “প্রায় এক বছর আগে এনফোর্সমেন্ট অভিযানে কন্টেইনার ডিপো দুটি পরিদর্শনে গিয়ে আমরা হোল্ডিং ট্যাক্স জালিয়াতির বিষয়টি পাই। এরপর দুদক প্রধান কার্যালয় থেকে মামলা করার বিষয়ে অনুমোদন পাই। সোমবার মামলা দুটি করা হয়।

“বার্ষিক মূল্যায়নে জালিয়াতির মাধ্যমে কম হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে তা পরিশোধও করা হয়েছে। এতে চট্টগ্রাম সিটি করপোরেশন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এরমধ্যে একটি মামলায় আসামিরা হলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৮ এর কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, অবসরপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা আবদুল কাদের, সহকারী কর আদায়কারী মনজুর মোরশেদ, হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং ইনকন ট্রেড লিমিটেড নামের বেসরকারি কন্টেইনার ডিপোর মালিক ইউসুফ আবদুল্লাহ হারুন।

১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, ইনকন ট্রেড লিমিটেডের বার্ষিক মূল্যায়ন ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা; যা সাদা ফ্লুইড ব্যবহারের মাধ্যমে ঘষামাজা করে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখানো হয়।

ফিল্ড বুক ও আপিল ফরমে ঘষামাজা করে রিভিউ বোর্ডে প্রতিষ্ঠানটির আবেদন উপস্থাপন করে বার্ষিক মূল্যায়ন ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আসামিরা পারস্পরিক যোগসাজোশে ক্ষমতার অপব্যহার করে একে অন্যকে লাভবান করতে বার্ষিক ২ কোটি ৮০ লাখ টাকা হারে তিন অর্থবছরে সিটি করপোরেশনের মোট ৮ কোটি ৮০ লাখ টাকার ক্ষতি সাধন করে।

অন্য মামলার আসামিরা হলেন- সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৮ এর কর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, রাজস্ব সার্কেল-৭ এর উপ কর কর্মকর্তা জয় প্রকাশ সেন, রাজস্ব সার্কেল-৮ এর হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ এবং মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের মালিক আবুল কাশেম।

দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক মেরিন আক্তার।

এই প্রতিষ্ঠানের বেলায় বার্ষিক মূল্যায়ন ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার পরিবর্তে ঘষামাজা করে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে একে অন্যকে লাভবান করতে বেসরকারি কন্টেইনার ডিপো এছাক ব্রাদার্স লিমিটেডের বার্ষিক মূল্যায়ন ঘষামাজা করে প্রতি বছরে ২ কোটি ৮০ লাখ টাকা করে তিন বছরে মোট ৮ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি সাধন করে।