জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জিত হবে: অর্থমন্ত্রী
জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
বর্তমান বিএনপি সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় ‘সুনির্দিষ্ট’ লক্ষ্য নিয়ে কাজ করায় সামনের দিনগুলোতে দেশের অর্থনীতিতে ‘ইতিবাচক’ প্রভাব দৃশ্যমান হওয়ার পাশাপাশি জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রথম কোয়ার্টারের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। আমাদের কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে এবং প্রথম প্রান্তিকের তুলনায় আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে।
“হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এনবিআর চলতি অর্থবছরের প্রথম সাড়ে চারমাস পার হলেও রাজস্ব আদায়ের পরিসংখ্যান প্রকাশ করছে না। এরমধ্যে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট থেকে নেতিবাচক প্রবৃদ্ধির তথ্য মিলেছে। গত তিন দশকে ভ্যাট থেকে পূর্বের বছরের তুলনায় ভ্যাট কমে যাওয়ার তথ্য মিলেনি কখনও।
উনিশ বছর পর ক্ষমতায় বসা বিএনপির ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার আশা করা হয়েছে। প্রবৃদ্ধির সোপানে আবারও উঠতে গিয়ে সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি ৬ লাখ ৯৫ হাজার কোটি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ অঙ্ক শেষ হতে যাওয়া অর্থবছরের সংশোধিত রাজস্ব আয়ের ১৮ শতাংশ বেশি। তবে বিগত অর্থবছরে যে প্রকৃত আদায় হয়েছে তার তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে। আমরা এমনভাবে প্রকল্পগুলো প্রণয়ন করছি যেন প্রতিটি বিনিয়োগের যথাযথ রিটার্ন আসে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।”
সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপে দেশের রাজস্ব আয় ও আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় থাকবে এবং দিনশেষে দেশের জনগণ এর সুফল পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
