এনবিআর ভাগের অধ্যাদেশে ‘ত্রুটি ছিল’, সংশোধন করা হয়ে গেছে: অর্থসচিব
“আয়কর আদায়ের ক্ষেত্রে প্রধান মনোযোগ দেওয়া প্রয়োজন উচ্চ আয়ের পরিবারগুলোতে,” বলেন র্যাপিডের চেয়ারম্যান।
এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার অধ্যাদেশে ‘কিছু ত্রুটি ছিল’ বলে মনে করেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
এসব ত্রুটি সংশোধন করে নতুন বিল হিসেবে সেটি সংসদে তোলার জন্য ‘প্রায় প্রস্তুত’ বলেও তথ্য দিয়েছেন তিনি।
তিনি বলেন, “এটি এনবিআর কর্মকর্তাদের জন্য যেমন সহায়ক হবে, তেমনি নিশ্চিত করবে যে, নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের কাজ একই ব্যক্তির হাতে থাকবে না। এর ফলে নীতিমালা প্রণয়নে জাতীয় অগ্রাধিকারগুলো আরও ভালোভাবে প্রতিফলিত হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়াও আরও কার্যকর হবে।”
শনিবার ঢাকার একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত রাজস্ব ঘাটতি বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি নতুন করে জমির মৌজা রেট নির্ধারণ করে নিবন্ধন খরচ কমিয়ে আনার সরকারি ভাবনার কথা তুলে ধরেন।
অর্থ সচিব বলেন, “আমরা ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একটি কমিটি গঠন করেছি। বর্তমান নিয়ম অনুযায়ী, গত দুই বছরের জমি নিবন্ধনের (রেজিস্ট্রেশন) রেকর্ডের ভিত্তিতে প্রতি দুই বছর পরপর মৌজা রেট নির্ধারণ করা হয়। যেহেতু গত দুই বছরের নিবন্ধন মূল্য ইতিমধ্যেই অনেক কম ছিল, তাই গড় হিসাব করলে ভবিষ্যতেও এই হার কমই থেকে যাবে।
“তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী মাস থেকে এই নতুন পদ্ধতি শুরু হবে। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত এই নতুন কমিটি, যেখানে উপজেলা পর্যায়ে ইউএনও এবং এনবিআর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা থাকবেন। তারা সরাসরি বাজারে যাবেন এবং নিবন্ধন মূল্যের পরিবর্তে জমির প্রকৃত বাজারদর যাচাই করবেন।
“এর ফলে দুটি বিষয়ের সমাধান হবে। আমরা যদি জমির প্রকৃত মৌজা রেট নির্ধারণ করতে পারি, তবে আমরা নিবন্ধন করের হার কমিয়ে দেব। এভাবে মৌজা রেট ও করের হারের সমন্বয়ের মাধ্যমে আমরা আশা করছি যে, আবাসন ও ভূমি খাত থেকে ন্যায্য রাজস্ব আহরণ করতে সক্ষম হব।”
বর্তমান কাঠামোয় প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্যে জমির নিবন্ধন হওয়ায় সরকার একদিকে রাজস্ব হারায়, অপরদিকে বিক্রেতার বিপুল পরিমাণ টাকা অপ্রদর্শিত হয়ে বিপাকে পড়ার ঘটনা ঘটে।
‘উচ্চ আয়ের পরিবারে মনোযোগ দেওয়া প্রয়োজন’
অনুষ্ঠানে ‘মিসিং রেভেনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস, অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এটি সবার সামনে তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।
গবেষণায় বিবিএসের ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের তথ্য ব্যবহার করে ব্যক্তি আয়কর, অভ্যন্তরীন ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বন্টণ বিশ্লেষণ করা হয়েছে।
বাংলাদেশে বিদ্যমান করব্যবস্থার মধ্যেই বিপুল পরিমাণ অতিরিক্ত রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে তুলে ধরে র্যাপিডের চেয়ারম্যান বলেন, “শুধু ব্যক্তি আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাট থেকে সম্ভাব্য অনাদায়ী রাজস্বের পরিমাণ জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে ব্যক্তি আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ, অথচ প্রকৃত আদায় ছিল মাত্র দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ, ঘাটতি ৩.৮৭ শতাংশ পয়েন্ট।
“একইভাবে অভ্যন্তরীণ ভ্যাটের সম্ভাব্য আদায় ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ কিন্তু প্রকৃত আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ। এখানেও ঘাটতি ২ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।”
গবেষণায় শুধু ব্যক্তি আয়কর এবং গৃহস্থালির ভোগের সঙ্গে সম্পর্কিত দেশীয় পণ্য ও সেবার ভ্যাট বিবেচনা করা হয়েছে তুলে ধরে তিনি বলেন, “বিদ্যমান আইন যথাযথভাবে পরিপালিত হলে কর-জিডিপি অনুপাত অন্ততপক্ষে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা ছিল।”
এই গবেষণায় করপোরেট আয়কর, আমদানি পর্যায়ের ভ্যাট এবং অন্যান্য কর অন্তর্ভুক্ত করা হয়নি। “ফলে সামগ্রিক অনাদায়ী রাজস্ব আরও অনেক বড় হতে পারে,” বলেছেন রাজ্জাক।
তবে এতবেশি ব্যক্তি আয়কর আদায়ের সুযোগ থাকলেও দেশের অন্তত ৭০ শতাংশ পরিবারের এরমধ্যে সুযোগ নেই বলেও তিনি তুলে ধরেন।
তার হিসাবে, “সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা। অন্যদিকে, নিম্নতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই।
“ফলে আয়করভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান মনোযোগ দেওয়া প্রয়োজন উচ্চ আয়ের পরিবারগুলোতে।”
তবে ভ্যাটের বোঝা আবার ‘দরিদ্র পরিবারের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি’ বলেও তিনি তুলে ধরেন। রাজ্জাক বলেন, “বিশেষত আয়ের অনুপাতে।
গবেষণার হিসাবে, দরিদ্রতম ১০ শতাংশ পরিবার তাদের রিপোর্টকৃত আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ ভ্যাট বহন করে।
“ধনীতম ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই অনুপাত মাত্র ২ দশমিক ৮ শতাংশ। তবে ভোগব্যয়ের অনুপাতে হিসাব করলে ভ্যাটের বোঝা বিভিন্ন আয়শ্রেণিতে অনেকটাই সমানুপাতিক দেখা যায়। দরিদ্র পরিবারের প্রকৃত আয় জরিপে কম প্রতিফলিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।”
এ গবেষণার ক্ষেত্রে এনবিআরের রাজস্ব আদায়ের চিত্রর সঙ্গে ২০২২ সালের খানার আয় ও ব্যয় জরিপ বিবেচনায় নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গার্ডেস, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা এবং র্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ উপস্থিত ছিলেন।
