রাজস্ব সংস্কারে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: বিশ্ব ব্যাংক
উন্নয়ন সহযোগীটি বলছে, দুর্বল রাজস্ব আহরণ, বাড়তি সুদ পরিশোধ ও জ্বালানি ভর্তুকির চাপে সংকুচিত হচ্ছে সরকারের বিনিয়োগ সক্ষমতা।
বাংলাদেশে রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং জ্বালানি খাতের আর্থিক চাপ কমাতে প্রয়োজনীয় সংস্কার করা হলে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।
উন্নয়ন সহযোগীটির মতে, রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার এবং সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়বে। এর ফলে অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পাশাপাশি আরও বেশি ও উন্নত মানের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিশ্ব ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ এ এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশের রাজস্ব আয় কম, পরিচালন ব্যয় বাড়ছে এবং জ্বালানি খাতের আর্থিক চাপ ক্রমেই তীব্র হচ্ছে। এতে উন্নয়ন ব্যয়ের জন্য সরকারের হাতে অর্থের পরিমাণ কমে যাচ্ছে। বিশেষ করে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে রাজস্ব আহরণ জোরদার, সরকারি ব্যয়ের দক্ষতা ও বরাদ্দের মান উন্নয়ন এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও পর্যায়ক্রমিক সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব সংস্কারকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের অন্যতম প্রধান ভিত্তি করতে হবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনেও এ সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজস্ব বাড়বে, কমবে বাজেট ঘাটতি
বিশ্ব ব্যাংকের প্রক্ষেপণ অনুযায়ী, রাজস্ব আহরণ বাড়ানো, ভর্তুকি ব্যবস্থায় সংস্কার এবং সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা গেলে সরকারের আর্থিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির ৮ শতাংশ থাকা সরকারের রাজস্ব আয় ২০৩৪-৩৫ অর্থবছরে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। তবে সীমিত সংস্কার করা হলে এ হার ১০ শতাংশে দাঁড়াতে পারে।
একই সময়ে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত করা সম্ভব হবে। এ ক্ষেত্রে পুরো সময়জুড়ে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে।
২০৩৪-৩৫ অর্থবছরে তা আরও কমে ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।
বিশ্ব ব্যাংক বলেছে, রাজস্ব সংস্কারের ফলে সরকারের হাতে যে অতিরিক্ত অর্থ থাকবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগে ব্যবহার করতে হবে। পাশাপাশি উন্নত পরিকল্পনা ও বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্ব ব্যাংক বলেছে, এসব সংস্কার বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়বে এবং তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য আরও বেশি ও উন্নত মানের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।
“আর এসব সংস্কার করা হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে ২০২৫-২৬ আর্থিক বছরে ৪ দশমিক ১৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
প্রতিবেদনে দেশের রাজস্ব আহরণের দুর্বল চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর রাজস্ব ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর গড়ের অর্ধেকেরও কম।
সরকারের উন্নয়ন বিনিয়োগও কমেছে। ২০২১-২০২২ অর্থবছরে সরকারি মূলধনি ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৪-২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।
“ওই অর্থবছরে শিক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম।”
এদিকে সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে। ২০১৬-২০১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।
“ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির সুযোগও সংকুচিত হচ্ছে।”
‘জ্বালানি খাতের ভর্তুকিও সরকারের আর্থিক চাপ বাড়াচ্ছে’ তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে জ্বালানির সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণে এ ব্যয় আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশের তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম বয়সি নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমশক্তির বাইরে রয়েছেন। অন্যদিকে, দেশের মোট কর্মজীবীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।
“দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত করছে। এর প্রভাব পড়ছে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর।”
রাজস্ব ও কর ব্যবস্থায় সংস্কারের পরামর্শ
রাজস্ব আহরণ বাড়াতে কর প্রশাসন আধুনিকায়ন এবং কর ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। এর মধ্যে রয়েছে করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের দায়িত্ব পৃথক করা, ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং করদাতাদের জন্য একক পরিচিতি নম্বর চালু করা।
কর অব্যাহতি কমানো এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য কর ব্যবস্থায় সংস্কারের ওপরও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন ধরনের কর অব্যাহতির কারণে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ জিডিপির ৬ দশমিক ৯ শতাংশে পৌঁছেছিল। ওই পরিমাণ রাজস্ব ছিল একই অর্থবছরের মোট কর রাজস্বের প্রায় সমান।
এ কারণ কর অব্যাহতি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে পরামর্শ দেওয়া হয়েছে।
জ্বালানি খাতের আর্থিক চাপ কমাতে প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম নির্ধারণ এবং এ ক্ষেত্রে স্বচ্ছ ও নিয়মভিত্তিক ব্যবস্থা চালুর সুপারিশ করেছে বিশ্ব ব্যাংক। পাশাপাশি আরও শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে জ্বালানির দাম সমন্বয়ের ক্ষেত্রে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছে সংস্থাটি। এ জন্য লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা, শক্তিশালী সামাজিক সুরক্ষা ডেটাবেইস এবং ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
