৫৮ বছর পূর্ণ করলেন তারেক রহমান
বাবা ও মায়ের পর সন্তান হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জন্মদিন।
দীর্ঘ নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরে তারেক রহমান দেশ শাসনের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তার জন্মদিন উদযাপন করছে বিএনপি।
এ উপলক্ষে শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া মাহফিল করবেন নেতাকর্মীরা। ব্যক্তিগত বা দলীয় আনুষ্ঠানিক কর্মসূচি না থাকার তথ্য দিয়েছেন জ্যেষ্ঠ নেতারা।
১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার তার বয়স ৫৮ বছর পূর্ণ হচ্ছে।
বৃহস্পতিবার মধ্যরাতের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে এ বছরের ফেব্রুয়ারিতে দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। বাবা ও মায়ের পর সন্তান হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জন্মদিন।
তার জন্মদিনকে ঘিরে কোনো দলীয় কর্মসূচি রাখেনি বিএনপি। তবে দলের নেতাকর্মী ও সমর্থকরা ব্যক্তি পর্যায়ে জুমা নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করবেন।
বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলাপ করে জানা যায়, তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কখনোই জন্মদিন পালন করেন না। ব্যক্তিগতভাবে নিকট স্বজন ও ঘনিষ্ঠজনরা তাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন।
ব্যক্তিজীবনে সহধর্মিণী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে পারবারিক জীবন কাটছে তার।
১৯৬৮ সালে জন্মগ্রহণ করা তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন।
স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তারেক রহমানকে রাজনীতির প্রতি আকৃষ্ট করে। ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তারেক রহমান।
বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।
বিএনপির ওয়েবসাইটে প্রকাশিত তারেক রহমানের জীবনীতে লেখা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের সময় তিনি তার মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং ১৯৮৮ সালে দলের বগুড়া জেলার গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন।
১৯৯১ সালের নির্বাচনের সময় মায়ের সঙ্গে জেলায় জেলায় প্রচারে যোগদান করেন।
২০০১ সালের নির্বাচনের আগে, তারেক রহমান স্থানীয় পর্যায়ের সমস্যা এবং সুশাসনের ওপর গবেষণা করার জন্য ঢাকায় একটি অফিস প্রতিষ্ঠা করার কথা লেখা হয়েছে জীবনীতে।
এরপর ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলেও সরকারি কোনো পদে আসেননি তিনি।
২০০২ সালে তারেককে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে দলের স্থায়ী কমিটি।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৭ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৩ মামলা।
যৌথ বাহিনীর হেফাজতে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
প্রায় আঠারো মাস পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তারেক। সেই রাতেই স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ‘উন্নত চিকিৎসার জন্য’ লন্ডনে চলে যান তিনি। শুরু হয় নির্বাসিত জীবন।
২০০৯ সালের ৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে দেশে শুরু হয় বিএনপির দুঃসময়। ২০১০ সালে শহীদ মইনুল সড়কের বাসা থেকে উৎখাত হন তার মা খালেদা জিয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি সংসদের বাইরে চলে যায়, রাজপথই হয় দলটির ঠিকানা।
২০১৫ সালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়, যা ছিল তার জন্য বড় ধাক্কা। সেই বৈরী সময়েও তারেক রহমান দেশে ফিরতে পারেননি।
এর মধ্যে তার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যায়। কয়েক ডজন মামলার আসামি বিএনপির এই নেতা তখন আদালতের দৃষ্টিতে পলাতক। তার পাসপোর্ট আর নবায়ন করা হয়নি।
আওয়ামী লীগের সময়ে তারেকের বিরুদ্ধে আরো ৭২টি মামলা হয়। সব মিলিয়ে ৫টি মামলায় তার সাজার রায় আসে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হলে, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর সাত বছর ধরে লন্ডন থেকে দল চালান তিনি।
চব্বিশের আন্দোলনে ৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর নানা ঘটনাবহুল সময় পার করে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে আসেন তিনি। ইতি ঘটে তার নির্বাসিত জীবনের।
৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান।
চার দশকের বেশি সময় পর নতুন নেতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এ দলের হাল ধরেন তারই বড় ছেলে তারেক রহমান।
দল পরিচালনায় মায়ের ব্যাটন হাতে তুলে নেওয়ার ধারাবাহিকতায় ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হন তিনি। নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে সরকার চালাচ্ছেন তিনি।
