২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন শাখায় আগুন-ভাংচুর: নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের

বিভিন্ন শাখায় আগুন-ভাংচুর: নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 01:55 AM

Updated : 20 Nov 2026, 01:54 AM

সারা দেশে নিজেদের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাংচুর হওয়ার তথ্য দিয়ে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে গ্রামীণ ব্যাংক।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে হামলা-ভাঙচুরের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে প্রতিষ্ঠানটি।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব ঘটনার তথ্য গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মোবাইল ফোনের মাধ্যমে আপাতত সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জমা করা হবে।”

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি বলেন, “এখন পর্যন্ত ৭২টা কার্যালয়ে হামলা হয়েছে। কোথাও ভাংচুর করেছে, কোথাও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।”

এজন্য ব্যাংকের শাখা ও জনবলের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। পুরো দেশের কার্যালয়ে হামলার একটি প্রাথমিক তথ্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে গ্রামীণ ব্যাংক।

অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক বলেছে, “গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।’’

গ্রামীণ ব্যাংকের হিসাবে, গত ১০ নভেম্বর থেকে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ক্ষতিগ্রস্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া স্বারকলিপিতে বলা হয়, ‘‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

“গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের স্থিতিশীলতা শুধু এর সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের জন্যই নয়, বরং দেশের বৃহত্তর আর্থিক ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।”

হামলা ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি করে এতে বলা হয়, ‘‘দেশব্যাপী ব্যাংকের শাখা, কার্যালয়, স্থাপনা, সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।’’

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারধারকদের ও অবশিষ্ট ১০ শতাংশ সরকারের।

দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখা রয়েছে। এর বাইরে ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল ও ৪০টি জোনাল অডিট অফিস আছে। প্রধান কার্যালয়সহ সারা দেশে ব্যাংকের নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক।