২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাইক দুর্ঘটনায় ২ ছেলের মৃত্যু: বার বার মূর্ছা যাচ্ছেন মা

“দুই ছেলেকে হারিয়ে আমার ভাই দিশেহারা হয়ে পড়েছে,” বলেন শফিউল আজম বাবু।

বাইক দুর্ঘটনায় ২ ছেলের মৃত্যু: বার বার মূর্ছা যাচ্ছেন মা

দুর্ঘটনায় নিহত ইফতেখার মাহমুদ তুষার (বাঁয়ে) ও ইমতিয়ার মাহমুদ ইরাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 01:15 AM

Updated : 20 Nov 2026, 01:15 AM

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বংশাল গ্রামের হায়দার আলী সিপাহী বাড়ির বাসিন্দা মো. হারুনের দুই ছেলেই বৃহস্পতিবার এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

মো. হারুন সৌদি প্রবাসী ছিলেন। এখন অবসর জীবনযাপন করছেন। দুই মেয়ে ও দুই ছেলের বাবা তিনি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তার দুই ছেলে ৩২ বছর বয়সি ইফতেখার মাহমুদ তুষার ও ২৮ বছর বয়সি ইমতিয়াজ মাহমুদ ইরাতের মৃত্যু হয়।

মো. হারুনের জেঠাত ভাই শফিউল আজম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুষার ওমান প্রবাসী। কয়েক মাস আগে ছুটিতে দেশে আসেন। ছোট ভাই ইরাতকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাজার করতে যাচ্ছিল।

“ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উল্টো দিক থেকে আসা অন্য মোটরসাইকেলটা একটা সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার পর তুষারদের মোটরসাইকেলকে মেরে দেয়। তুষারদের গাড়ি রাস্তার বাঁ পাশে ছিল।”

শফিউল আজম বাবু বলেন, “আমার জেঠাত ভাই হারুনের দুই ছেলে দুই মেয়ে। তার দুই মেয়ে বড়, আর ছেলেরা ছোট। এক দুর্ঘটনায় দুই ছেলেই মারা গেল। দুই ছেলেকে হারিয়ে আমার ভাই দিশেহারা হয়ে পড়েছে।

“একই দিনে একই ঘটনায় দুই ছেলেকে হারিয়ে তাদের মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে।”

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে অনাগ্রহের কথা জানিয়ে শফিউল আজম বাবু বলেন, “তাদের দুই মামা ওমান থেকে আসবেন। শুক্রবার জানাজা ও দাফন হবে।”

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

Image

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তুষারের মরদেহের পাশে স্বজনদের আহাজারি।

হাইওয়ে পুলিশের নাজিরহাট ফাঁড়ির পরিদর্শক মো. শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুষার ও ইরাত বাইক চালিয়ে হাটহাজারী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষে তারা সড়কে ছিটকে পড়েন।”

গুরুতর আহত অবস্থায় তাদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ইরাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এরপর তুষারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে এ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক জানিয়েছেন।

পুরনো খবর:

চট্টগ্রামে দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের