১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষে তারা সড়কে ছিটকে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 07:55 PM

Updated : 19 Nov 2026, 07:55 PM

চট্টগ্রামের হাটহাজারীতে দুই বাইকের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ইফতেখার মাহমুদ তূষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাতের (২৮) বাড়ি হাটাহাজারীর ফরহাদাবাদের ৯ নম্বর ওয়ার্ডে।

হাইওয়ে পুলিশের নাজিরহাট ফাঁড়ির পরিদর্শক মো. শামসুজ্জামান বলেন, “তূষার ও ইরাত বাইক চালিয়ে হাটহাজারী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষে তারা সড়কে ছিটকে পড়েন।”

গুরুতর আহত অবস্থায় তাদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ইরাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এরপর তূষারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে এ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক জানিয়েছেন।