১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা-ঢাকা রুটে চালু হলো নতুন দুটি আন্তঃনগর ট্রেন

পথে আটটি স্টেশনে থামবে ট্রেন দুটি, থাকবে ৮৫২টি আসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 07:59 PM

Updated : 19 Nov 2026, 07:59 PM

পাবনা-ঢাকা রুটে চালু হয়েছে নতুন দুটি আন্তঃনগর ট্রেন।

বৃহস্পতিবার বিকালে পাবনা রেলওয়ে স্টেশনে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটির উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলমন্ত্রী বলেন, পাবনার উন্নয়নে সরকার গুরুত্ব দেবে। এ জেলায় প্রায় নয় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। এর মধ্যে ওয়াই-টাইপ সেতু নির্মাণের বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সেতু নির্মাণে উদ্যোগ নিয়েছেন। দ্রুত সেতুর কাজ শেষ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে কাজ করছে সরকার। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। এ ছাড়া রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে জানায়, শুক্রবার থেকে ট্রেন দুটি নিয়মিত চলাচল করবে। পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেন দুটি।

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, ট্রেন দুটিতে ঢাকা-পাবনা রুটে মোট ৮৫২টি আসন রয়েছে। এর মধ্যে পাবনা, ঈশ্বরদী ও চাটমোহর স্টেশন থেকে যাত্রীদের জন্য যথাক্রমে ৪৫২, ২৫৬ ও ৪৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে।