১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংসদে পাস

সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিতে গত ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরে ১০ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল সংসদে পাস

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:44 PM

Updated : 18 Nov 2026, 10:44 PM

ছাদসহ উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বুধবার সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ আকারে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে বিলটি পাসের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ক্রয়পদ্ধতি ও দায়মুক্তি নিয়ে প্রশ্ন

রংপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, “বিলের ১৯ দফায় সরল বিশ্বাসে করা কাজের জন্য আইনি সুরক্ষা রাখা হয়েছে।”

দুর্নীতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার বা গুরুতর অবহেলার ক্ষেত্রে এ সুরক্ষা প্রযোজ্য হবে না, এমন শর্ত যোগ করার প্রস্তাব দেন তিনি।

পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান ওই বিধান বাদ দিয়ে সরকারি ক্রয়ের প্রচলিত পদ্ধতি অনুসরণের দাবি জানান।

কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, “বিশেষ ক্রয় পদ্ধতিতে উন্মুক্ত দরপত্র এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলে প্রকল্পের ব্যয় বাড়তে পারে।”

কৃষিজমি সুরক্ষায় সুনির্দিষ্ট বিধান এবং বিদ্যুতের দাম নির্ধারণে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তদারকি চান তিনি।

নীতি পরিষদে বিশেষজ্ঞ রাখার প্রস্তাব

শেরপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ জাতীয় নীতি পরিষদে সৌরবিদ্যুৎ বিশেষজ্ঞ, বেসরকারি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিরোধী দলের আরও সদস্য রাখার প্রস্তাব দেন।

ঢাকা-১২ আসনে জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান পরিষদে বিরোধী দলের আরও দুই সংসদ সদস্য এবং সৌরবিদ্যুৎ বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে বলেন।

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জেলা কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে রাখার বিধান কার্যকর করার দাবি জানান।

রংপুর-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ছাদে সৌরবিদ্যুৎ বসানোর পদ্ধতি, প্যানেলের ধরন ও খরচ সাধারণ মানুষকে সহজ করে জানানোর আহ্বান জানান।

কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল সৌরবিদ্যুতের সরঞ্জাম সহজলভ্য করতে দ্রুত বিল পাসের দাবি তোলেন।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “স্বল্প সময়ে ক্ষুদ্র সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করাই এই বিলের মূল উদ্দেশ্য।”

তিনি জানান, প্রতিযোগিতার মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠান বাছাই করা হবে। বিনিয়োগকারী, গ্রাহক ও বিদ্যুৎ বিতরণ সংস্থার মধ্যে চুক্তি হবে। জাতীয় নীতি পরিষদে বিরোধীদলীয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনে পরিষদ বিশেষজ্ঞদের বৈঠকে ডাকতে পারবে। জেলা কমিটিতে সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে রাখার সুযোগও দেওয়া হয়েছে।”

কৃষিজমি নিয়ে উদ্বেগের জবাবে অমিত বলেন, “ছোট প্রকল্পে বাড়ির ছাদ ও সংলগ্ন আঙিনা ব্যবহার করা হবে। বড় প্রকল্পের জন্য অনাবাদি জমি বিবেচনায় নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ স্থাপনের কাজের জন্য যাচাই-বাছাই শেষে প্রায় ৮ হাজার ৩০০ আবেদনকারীকে যোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।”

বিল পাসের আগে নাজিবুর রহমান ও সাইফুল আলম খানের সংশোধনী প্রস্তাবগুলোও কণ্ঠভোটে নাকচ হয়।

সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিতে গত ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরে ১০ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়।