এমপি নুসরাতে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের আগুনে পুড়ে যাওয়া গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় একটি সংসদীয় প্রতিনিধিদল।
বিষয়টি নিশ্চিত করে এনসিপি কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান মারুফ তালহা জানান, শুক্রবার সকালে প্রতিনিধি দলটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। বেলা ৩টায় বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা প্রেস ব্রিফিং করবেন।
বিরোধীদলীয় এই সংসদীয় প্রতিনিধি দলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর রয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ এনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারনামীয় আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার এবং যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
বুধবার রাত পৌনে ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। প্রতিপক্ষের পেট্টোল বোমা হামলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন এনসিপি নেত্রী।
আগুনে বাড়িতে থাকা আটজনের মধ্যে দুজন আহত হন। এ ছাড়া অগ্নিকাণ্ডে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় এজাহার জমা দিয়েছেন। যা ইতোমধ্যে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
