জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিতু ও নুসরাত
কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নেতৃত্ব কমিটি গঠন করতে বলা হয়েছে।
জাতীয় নারীশক্তির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিন সদস্যের এ কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতুকে। সংরক্ষিত আসনের আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে করা হয়েছে সদস্য সচিব। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা।
দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের ‘নির্দেশক্রমে’ এ কমিটি দেওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
এনসিপির এ সহযোগী সংগঠনের সবশেষ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গত এপ্রিলে।
৫৩ সদস্যের ওই কমিটিতে আহ্বায়কের দায়িত্বে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এবার আহ্বায়কের দায়িত্ব পাওয়া মিতু ছিলেন ওই কমিটির সদস্য সচিব। আর সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছিলেন মঞ্জিলা ঝুমা।
২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে সামনের সারিতে থাকা নেতাদের গড়া এনসিপির আত্মপ্রকাশ ঘটে গেল বছর ফেব্রুয়ারিতে। প্রায় এক বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধে ছয় আসনে জয় পায় দলটি।
