শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
দুই ভাইয়ের মধ্যে কি নিয়ে মারামারি হয়েছিল তা বলতে পারেননি তাদের বাবা।
রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে কিশোর ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্বজনরা বলছেন, নিহত সাইফুল ইসলাম সাইফ (২৩) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছিলেন। তাকে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল। পাশাপাশি তিনি পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
নিহতের বাবা সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমি বাড়ির ছাদে ছিলাম। বাসায় দুই ছেলে ও তাদের মা ছিলেন। একপর্যায়ে ঘরের ভেতরে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া ও মারামারি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আমার ১৭ বছর বয়সি ছোট ছেলে বড় ভাই সাইফের গলার নিচে ছুরি দিয়ে আঘাত করে।
“রক্তাক্ত অবস্থায় আমরা সাইফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”
দুই ভাইয়ের মধ্যে কি নিয়ে ঝগড়া এবং মারামারি হয়েছিল সে বিষয়ে বলতে পারেননি তিনি। এছাড়া ঘাতক ছেলেটি এখনো বাসায় আছে বলেও তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও অবগত করা হয়েছে।
