ডার্ট মিশনে গ্রহাণুর বুকে স্টেডিয়ামের সমান গর্ত তৈরি হয়েছে: ইএসএ
ডার্ট অভিযানের মাধ্যমে সূর্যের আশপাশে ঘূর্ণায়মান এক গ্রহাণুর কক্ষপথ সফলভাবে পরিবর্তন করতে পেরেছিল নাসা। এবার সেই অভিযানের আরও তথ্য মিলল।
নাসার ডার্ট অভিযানের সংঘর্ষে গ্রহাণুতে একটি খেলার স্টেডিয়ামের সমান গর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ।
‘হেরা’ মহাকাশযানের পাঠানো নতুন ছবির ভিত্তিতে আঘাতের এই ক্ষত ও গ্রহাণুটির পরিবর্তনের চিত্র সামনে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
মার্চে নাসা বলেছিল, তাদের ‘ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট’ বা ডার্ট অভিযানের মাধ্যমে সূর্যের আশপাশে ঘূর্ণায়মান গ্রহাণু ‘ডিমোরফোস’ ও এর মূল গ্রহাণু ‘ডিডাইমোস’-এর কক্ষপথ সফলভাবে পরিবর্তন করতে পেরেছে।
এখন ইএসএ-এর ‘হেরা’ মহাকাশযানের তোলা নতুন ছবিতে ওই অভিযানটি ছোট গ্রহাণুটির ঠিক কী পরিবর্তন ঘটিয়েছে সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলল।
ফ্রান্সের ‘ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ’ বা সিএনআরএস-এর গবেষণা পরিচালক ও হেরা অভিযানের প্রধান গবেষক প্যাট্রিক মিশেল বলেছেন, ২০২২ সালের ওই নিয়ন্ত্রিত সংঘর্ষের ফলে গ্রহাণুটিতে ‘একটি খেলার স্টেডিয়ামের সমান আকারের ইমপ্যাক্ট গর্ত’ তৈরি হয়েছে।
মিশেল বলেছেন, গর্তটি ডিমোরফোসের পুরো প্রস্থ জুড়ে বিস্তৃত হলেও গ্রহাণুটির বাকি অংশে ছড়িয়ে থাকা পাথরখণ্ডের স্তরে কোনো পরিবর্তন আনেনি।
ডিমোরফোসের উপরিভাগের ভৌত পরিবর্তনের পাশাপাশি ইএসএ দেখেছে, ডার্টের আঘাতে গ্রহাণুটি তার নতুন কক্ষপথে টালমাটালভাবে ঘুরপাক খাচ্ছে।
হেরা মহাকাশযানে আরও প্রকাশ পেয়েছে, ডিমোরফোস ও ডিডাইমোস উভয় গ্রহাণুকে ঘিরেই শত শত পাথরখণ্ড প্রদক্ষিণ করছে।
ইএসএ বলেছে, গ্রহাণু দুটি থেকে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূর থেকে হেরার সাদাকালো ‘অ্যাস্টেরয়েড ফ্রেমিং ক্যামেরা’, মাল্টি-স্পেকট্রাল ‘হাইপারস্কাউট এইচ’ ও জাপানের মহাকাশ সংস্থা জাক্সা’র তৈরি ‘থার্মাল ইনফ্রারেড ইমেজার’-এর মাধ্যমে এসব নতুন তথ্য ও ছবি ধারণ করা হয়েছে।
হেরা মিশনের ব্যবস্থাপক ইয়ান কার্নেলি বলেছেন, “নাসার ডার্ট অভিযানে ইঙ্গিত মিলেছে, আমরা কোনো গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করতে পারি। আর হেরা এখন প্রকাশ করছে, গ্রহাণুটির নিজের ঠিক কী পরিবর্তন হয়েছিল।
“এই দুটি অভিযানের সমন্বয়ের মাধ্যমে মানবজাতি আমাদের গ্রহকে রক্ষা করার জন্য গ্রহাণুর গতিপথ পরিবর্তনকে নির্ভরযোগ্য কৌশল হিসেবে গড়ে তোলার দিকে এক চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে।”
ভবিষ্যতে সম্ভাব্য বিপজ্জনক সংঘর্ষ থেকে পৃথিবীকে রক্ষার অন্যতম উপায় হিসেবে গ্রহাণুর কক্ষপথ পরিবর্তনের বিষয়টি নিয়ে গবেষণা করছে নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থা।
আগামী ডিসেম্বরে সংঘর্ষস্থলের আরও উচ্চ-রেজুলিউশনের ছবি তোলার জন্য হেরাকে ডিমোরফোস ও ডিডাইমোসের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ইএসএ।
এ ছাড়া, আগামী জানুয়ারিতে অন্যান্য তথ্য সংগ্রহের জন্য জুতার বাক্সের আকারের দুটি ‘কিউবস্যাট’ বা ক্ষুদ্র স্যাটেলাইট পাঠাবে হেরা।
লুক্সেমবার্গের নেতৃত্বাধীন একটি গবেষক দলের তৈরি ‘জুভেনটাস’ কিউবস্যাট রেডার ব্যবহার করে গ্রহাণুটির অভ্যন্তরভাগ পরীক্ষা ও শেষ পর্যন্ত এর পৃষ্ঠে অবতরণ করবে।
অন্যদিকে, ইতালির নেতৃত্বাধীন একটি দল ‘মিলানি’ নামের অপর কিউবস্যাটটি ব্যবহার করে গ্রহাণুর ধূলিকণা ও আশপাশের অন্যান্য উপাদান অনুসন্ধান করবে।
