২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধ: জয়পুরহাটে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বৃদ্ধের মৃত্যু

ঘটনার পরপরই স্থানীয় জনতা নবিরুলকে আটক করে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 02:40 PM

Updated : 27 Nov 2026, 02:40 PM

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান।

নিহত দেলোয়ার হোসেন (৬৭) ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের ছেলে। তার ছোট ভাই নবিরুল ইসলাম (৫৫)।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, দেলোয়ার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ছোট ভাই নবিরুল ইসলামের বিরোধ চলছিল।

শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নবিরুল কোদাল দিয়ে বড় ভাইকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় জনতা নবিরুলকে আটক করে পুলিশে দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।