২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পরই প্রশংসায় ভাসছে ‘জিটিএ সিক্স’, গেইমারদের উচ্ছ্বাস

গেইমটির মুক্তি উপলক্ষে বিশ্বজুড়ে নানা উৎসব আয়োজন, বিশ্বনেতাদের সামাজিক মাধ্যমে পোস্ট ও কর্মীদের এক দিনের ছুটি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

মুক্তির পরই প্রশংসায় ভাসছে ‘জিটিএ সিক্স’, গেইমারদের উচ্ছ্বাস

এবারের গেইমটির মূল পটভূমি ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’র ‘ভাইস সিটি’তে, যা মায়ামি শহরের ছায়া অবলম্বনে নির্মিত। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 10:12 AM

Updated : 20 Nov 2026, 10:12 AM

১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পরপরই গেইমার ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স।

রয়টার্স লিখেছে, আনুমানিক ১০০ কোটি ডলার বা তারও বেশি নির্মাণ ব্যয়ের পর অবশেষে বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে প্রতীক্ষিত ভিডিও গেইম জিটিএ সিক্স।

নির্মাতা কোম্পানি ‘টেইক-টু ইন্টারঅ্যাকটিভ’-এর স্টুডিও ‘রকস্টার গেইমস’-এর জন্য শত শত কোটি ডলার আয় এনে দেওয়ার সম্ভাবনা জাগানো গেইমটি রিভিউ সাইট ‘মেটাক্রিটিক’-এর সর্বকালের সেরা গেইমের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

৯৯ স্কোর নিয়ে নিনটেনডোর ১৯৯৮ সালের কালজয়ী গেইম ‘লিজেন্ড অফ জেল্ডা: ওকারিনা অফ টাইম’-এর রেকর্ডে ভাগ বসিয়েছে জিটিএ সিক্স।

বৃহস্পতিবার নিউ জিল্যান্ডে বাজারে আসার সঙ্গে সঙ্গেই গেইমটি অনলাইনে উন্মুক্ত হয় এবং সময়ের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে এটা মুক্তি পায়।

গেইমটির মুক্তি উপলক্ষে বিশ্বজুড়ে নানা পার্টির আয়োজন, বিশ্বনেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও কিছু কোম্পানিতে কর্মীদের গেইম খেলার জন্য এক দিনের ছুটি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

সবার আগে গেইমটি খেলার সুযোগ পাওয়া শহরগুলোর একটি অস্ট্রেলিয়ার সিডনি, যেখানে মধ্যরাতের পরই গেইমটি খেলা শুরু ও লাইভস্ট্রিম করেন ৩৩ বছর বয়সি আসিফ মির।

তিনি বলেছেন, “গেইমটি এযাবৎকালের সেরা গেইম। আর আমরা তো কেবল ২০ মিনিট খেলেছি।”

লন্ডনে শহরের বিভিন্ন প্রান্তে পার্টির আয়োজন করে গেইমটি মুক্তির ক্ষণগণনা করেছেন গেইমাররা।

২০ বছর বয়সি ইনফ্লুয়েন্সার আর্চি হুইটবি বলেছেন, “আজকের দিনটির জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। এই মুহূর্তটির ভেতর দিয়ে যাওয়াটা প্রায় বিস্ময়কর মনে হচ্ছে; মনে হচ্ছে যেন কোনো কল্পজগতে আছি।”

গেইমটির কাল্পনিক শহর ‘ভাইস সিটি’র মূল অনুপ্রেরণা যুক্তরাষ্ট্রের মায়ামি শহর। সবশেষে গেইমটি হাতে পাওয়া জায়গাগুলোর একটি মায়ামি।

শহরটির এনবিএ দল ‘মায়ামি হিট’ মিলওয়াকি বাকসের বিপক্ষে একটি ম্যাচের আয়োজন করে গেইমটির মুক্তি উদযাপন করেছে।

‘ভাইস সিটি’র আদলে সাজানো ওই ম্যাচে কোর্ট ও পুরো স্টেডিয়াম গেইমটির নিজস্ব নিয়ন গোলাপি ও নীল রঙে রাঙানো হয়েছিল। এরইমধ্যে লাখ লাখ গেইমার তাদের কনসোলে গেইমটি ডাউনলোড করেছেন।

১৯৯৭ সালে যাত্রা শুরুর পর সর্বকালের অন্যতম সর্বোচ্চ বিক্রিত ভিডিও গেইম ফ্র্যাঞ্চাইজির নতুন পর্বটি খেলতে অনেকেই অফিস থেকে ছুটি নিয়েছেন, আবার কেউ কেউ অসুস্থতার কথা বলে ছুটি কাটাচ্ছেন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ‘স্টার্ন স্কুল অফ বিজনেস’-এর প্রফেসর জুস্ট ভ্যান ড্রুনেন বলেছেন, “গেইমটি বর্তমান প্রজন্মের স্টার ওয়ার্স’। এটা সমন্বিত ও সম্মিলিত উৎসবের মতো। ফলে গেইমটি উন্মুক্ত হওয়ার প্রথম কয়েক দিন বা প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই লাখ লাখ মানুষ এর অভিজ্ঞতা নিতে চাইবেন।”

সনি’র প্লেস্টেশন ৫ ও মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে খেলা যাচ্ছে গেইমটি।

মুক্তির শুরুতেই গেইমটির ইতিবাচক রিভিউয়ের প্রভাবে বুধবার বিকেলে নিউ ইয়র্কের শেয়ার বাজারে টেইক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারের দর ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

Image

এরইমধ্যে লাখ লাখ গেইমার তাদের কনসোলে গেইমটি ডাউনলোড করেছেন। ছবি: রয়টার্স

‘সত্যিই বিস্ময়কর’: গেইমারদের ইতিবাচক রিভিউ

বর্তমান সময়ের মানদণ্ডে প্রথম ‘গ্র্যান্ড থেফট অটো’ গেইমটিকে বেশ সাদামাটা মনে হয়। গাড়ি চুরি ও অপরাধী চক্রের হয়ে বিভিন্ন কাজ করার কাহিনি নিয়ে তৈরি গেইমটি একদিকে যেমন ভক্তদের আনন্দ দিয়েছিল, অন্যদিকে রাজনীতিবিদ ও অভিভাবকদের ক্ষোভের কারণ হয়েছিল।

তবে সিরিজটি যত এগিয়েছে ততই তা আরও আধুনিক ও পরিশীলিত হয়েছে। নিজস্ব ঘরানার অপরাধ, গাড়ি চালানো ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ সব মিশনের পাশাপাশি এতে রয়েছে প্যারাসুট জাম্প, সিনেমা দেখা ও মার্কিন সংস্কৃতিকে ব্যঙ্গ করা রেডিও স্টেশনের মতো নানা আয়োজন।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’-এর প্রেক্ষাপট ছিল লস অ্যাঞ্জেলেসের আদলে তৈরি কাল্পনিক শহর ‘লস সান্তোস’।

এবারের গেইমটির মূল পটভূমি ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’র ‘ভাইস সিটি’তে, যা মায়ামি শহরের ছায়া অবলম্বনে নির্মিত।

গেইমটিতে লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল নামের দুটি প্রধান চরিত্রে পালাক্রমে খেলার সুযোগ থাকছে। তারা একইসঙ্গে অপরাধ জগতের সঙ্গী ও প্রেমিক যুগল।

তবে তাদের এই রোমান্টিক সম্পর্ক কতটা গভীর হবে তা নির্ভর করবে খেলোয়াড়ের সিদ্ধান্তের ওপর। গেইমটিতে নাইটক্লাব, অস্ত্রের দোকান, স্কুবা ডাইভিং ও চিড়িয়াখানাও থাকছে। তবে এখনো অনেক কিছুই উন্মোচিত হওয়া বাকি।

জিটিএ গেইমের মাধ্যমে ১৯৮০ সাল পরবর্তী মার্কিন ইতিহাসের ওপর একটি কোর্স পড়ান ‘ইউনিভার্সিটি অফ টেনেসি, নক্সভিল’-এর অধ্যাপক টোর ওলসন। তিনি বলেছেন, আগের সংস্করণগুলোর তুলনায় ‘জিটিএ সিক্স’ কম উসকানিমূলক হতে পারে। গেইমটি এখন মূলধারার সংস্কৃতির অংশ হয়ে উঠেছে ও এর প্রচারণামূলক বিভিন্ন উপাদান ইঙ্গিত দিচ্ছে, এটা তুলনামূলক নৈতিকভাবে খেলার ধরনকে উৎসাহিত বা পুরস্কৃত করবে।

“এতে কোনো সন্দেহ নেই যে, জিটিএ সিক্সের জেসন ও লুসিয়া অপরাধী এবং তারা নিয়মিত আইন ভাঙবে। তবে আমার মনে হয় না নতুন গেইমটি গেইমারদের নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে বাধ্য করবে; বরং যারা এভাবে খেলতে চাইবেন, গেইমটি তাদের শাস্তিও দিতে পারে।”

আগের সংস্করণগুলোতে মূল চরিত্রে নারী না থাকার যে অভিযোগ ছিল, লুসিয়াকে অন্যতম প্রধান চরিত্র হিসেবে যোগ করায় সেই আক্ষেপ ঘুচতে পারে।

পরামর্শক কোম্পানি ‘বেইন’-এর জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রে জিটিএ সিক্স গেইমারদের প্রতি ১০ জনে আনুমানিক ৪ জনই হবেন নারী।

বিশ্লেষক কোম্পানি ‘সেন্সর টাওয়ার’-এর হিসাব অনুসারে, এখন পর্যন্ত গেইমটির ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে, যার বাজারদর ১৬৫ কোটি ডলারেরও বেশি।

এত বিপুল প্রত্যাশার মধ্যে হতাশ হওয়ার ঝুঁকিও কম নয়। গেইমটি খুব বেশি সহজ বা কঠিন মনে হওয়া, অসন্তোষজনক গল্প বা বড় কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা গেইমটির সুনাম ও ভবিষ্যৎ বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গেইমটির মূল অংশ শেষ করতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে। গেইমিং শিল্পের বিশেষজ্ঞদের প্রাথমিক রিভিউগুলো প্রায় একবাক্যে এর ভূয়সী প্রশংসা করেছে।

Image

গেইমটির কাল্পনিক শহর ‘ভাইস সিটি’র মূল অনুপ্রেরণা যুক্তরাষ্ট্রের মায়ামি শহর। ছবি: রকস্টার

বিনোদন সাইট ‘গেইমসরেডার প্লাস’ বলেছে, রকস্টার ‘সত্যিই বিস্ময়কর পরিসর, ব্যাপ্তি ও মানের’ এক জগৎ তৈরি করেছে।

পিসি গেইমস বলেছে, গেইমটি ‘আগামী বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে থাকবে’ ও এটা ‘১৩ বছরের অপেক্ষার পূর্ণ সার্থকতা’। আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম গেইমটিকে ‘মাস্টারপিস’ বা ‘কালজয়ী সৃষ্টি’ বলে বর্ণনা করেছে।

গেইমাররা অফিস থেকে ছুটি নেওয়ায় উৎপাদনশীলতা কমতে পারে বলে কিছু অর্থনীতিবিদ সতর্ক করলেও ভোক্তা বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, গেইম, গেইমিং কনসোল, স্টোরেজ আপগ্রেড ফুড ডেলিভারি সেবার বিক্রি বাড়ার ফলে অর্থনীতিতেও এর ইতিবাচক গতি সঞ্চার হতে পারে।

কয়েকশ কোটি গেইমারের দেশ ভারত, সেখানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গ্র্যান্ড থেফট অটো’র আদলে তৈরি কনটেন্ট পোস্ট করেছেন। দেশটির কিছু কোম্পানি এদিন কর্মীদের ছুটিও দিয়েছে।

প্রায় ৫০০ কর্মীর ভোক্তা ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘বোট’ সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছে, “কর্ম ও জীবনের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে আমরা ১৯ নভেম্বর ঐচ্ছিক ছুটির ঘোষণা দিচ্ছি, যাতে আপনারা সবসময়ের মতোই নিজেদের মিশনে কঠোর পরিশ্রম করতে পারেন।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ও প্রায় ১৭০ কোটি ডলারের গেইমিং বাজার ইন্দোনেশিয়াতেও দেখা গেছে একই রকম উন্মাদনা।

২৫ বছর বয়সি সফটওয়্যার প্রকৌশলী নুজুল রামাদানি সুমাহনা টানা আট ঘণ্টা রাত জেগে গেইমটি খেলেছেন।

তিনি বলেছেন, “আমি যখন রেগে যাই বা হতাশ হয়ে পড়ি তখন গেইমটি আমাকে রাগ ঝাড়ার ও গালিগালাজ করার সুযোগ দেয়। এতে নিজেকে বেশ ভারমুক্ত লাগে।”