২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নাসিমের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার রুপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 09:53 AM

Updated : 20 Nov 2026, 10:00 AM

ভারতের উত্তর প্রদেশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গ্যাংস্টার নাসিম দুররানি নিহত হয়েছেন।

বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে তিনি নিহত হন।

এনডিটিভি জানিয়েছে, ৩৭ বছর বয়সী নাসিমের বিরুদ্ধে দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধচক্র ডি-কোম্পানির সঙ্গে তার যোগাযোগ ছিল।

গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সী সামিরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়েন নাসিম। পরে সামিরকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন।

পুলিশের ধারণা, নাসিম দুররানি ও হারুন সাইফির গ্যাংয়ের মধ্যে চলমান বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

সামিরও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি ফৌজদারি মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল জেলা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

Image

নাসিম দুররানি। ছবি: এনডিটিভি

ডি-কোম্পানির সঙ্গে যোগ

‘রিজওয়ান’ নামেও পরিচিত নাসিম দুররানির সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের যোগাযোগ ছিল। ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্ব শাকিল নাসিমকে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার একটি মামলাতেও গ্রেপ্তার হয়েছিলেন নাসিম। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টির বেশি ফৌজদারি মামলা ছিল তার বিরুদ্ধে।

দিল্লিতে গ্যাং সংঘাত

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুলন্দশহরের বাসিন্দা নাসিমের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার রুপি। উত্তর-পূর্ব দিল্লি এলাকায় আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন তিনি।

তার গ্যাংয়ের সঙ্গে পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লিতে সক্রিয় রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরোধ ছিল।

পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এলাকা নিয়ন্ত্রণ, জুয়ার ব্যবসা, মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ে দুই গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এই সংঘাতের জেরে গত ২৬ মে হারুন সাইফির মামা রাজা মেওয়াতিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নাসিমকে প্রধান শুটার হিসেবে শনাক্ত করা হয়।

এর প্রায় তিন সপ্তাহ পর, ১৫ জুন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত অর্থ জোগানদাতা রাশিদ ওরফে ‘পানিওয়ালা’ খুন হন।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় হারুন সাইফি ও তার গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল।