১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিসেম্বরে জীবন বাজি, মানুষ মৌমাছির মত নামবে’: জাহাঙ্গীরের বিরুদ্ধে যত অভিযোগ

“তিনি আওয়ামী লীগ নেতা বা তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন,” বলা হয় মামলার অভিযোগে।

‘ডিসেম্বরে জীবন বাজি, মানুষ মৌমাছির মত নামবে’: জাহাঙ্গীরের বিরুদ্ধে যত অভিযোগ

এসপি জাহাংগীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 07:57 PM

Updated : 15 Nov 2026, 08:03 PM

চট্টগ্রামে এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখাসহ নানা অভিযোগ আনা হয়েছে।

গত ৮ নভেম্বর রাতে জাহাংগীর তার হোয়াটস অ্যাপ নম্বর থেকে ইংরেজি ও বাংলায় দুটি বার্তা পাঠান দাবি করে সেগুলোর বিরবরণও তুলে ধরা হয়েছে এজাহারে।

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয় শনিবার রাতে।

শুক্রবার নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী।

এ মামলায় রোববার তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।

মামলায় জাহাংগীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে তিনি তার ব্যক্তিগত হোয়াটস অ্যাপ নম্বর থেকে আওয়ামী লীগের এক নেতাকে ইংরেজিতে একটি বার্তা পাঠান।

“তাতে লেখা হয়েছে, ‘ইনশল্লাহ্ বাংলাদেশ উইল বি রিস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর, স্টে ফাইন স্যার, রিগার্ডস স্যার।”

এরপর রাত ৯টা ৫৭ মিনিটে তিনি বাংলায় একটি বার্তা পাঠান বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই বার্তায় লেখা ছিল, “আসসালামুআলাইকুম স্যার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বর জীবনমরণ বাজি। জনগণ মৌমাছির মত মাঠে নামবে। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।”

মামলায় অভিযোগ করা হয়, “জাহাংগীর আলম পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটস অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত (পলাতক) আওয়ামী লীগ ও নেতা বা তাদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট তৈরি বা বাস্তবায়নে সহায়তা করছেন।”

পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়। পাশাপাশি তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়েছিল।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তার দুইটা মোবাইল জব্দ করা হয়েছে।”

পুরনো খবর:

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’: চট্টগ্রামে ৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর
‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’: চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার
এসপি জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা