ছাত্রদলের পিটুনির পর জগন্নাথের ৫ কর্মকর্তা ‘বহিষ্কার’
এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথাও বলেছেন উপাচার্য।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের পিটুনির পর রাতে বিভিন্ন দপ্তরের পাঁচ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসব কর্মকর্তা হলেন–পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।
সোমবার রাত ১০টার দিকে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের তথ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথাও বলেছেন তিনি।
উপাচার্য বলেন, “আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের কিছু সহকর্মী, যারা কর্মকর্তা এবং যারা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমাদের কতিপয় শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা তাদের ইতোমধ্যে পাকড়াও করেছেন। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছে।
“বিশেষ করে রেজোয়ান নামের একজন শিক্ষার্থী কিছুদিন আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক হয়েছিল। তার সঙ্গে ক্যাম্পাসের অনেক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।”
এর আগে এদিন দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তাদের ধরে পেটানো হয়।
তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পেটানোর পর তাদের প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের ঘটনায় বিভিন্ন দপ্তরের চারজন কর্মকর্তাকে ধরে ছাত্রদল সংগঠনের নেতারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
“তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।”
ওই কর্মকর্তাদের প্রক্টর অফিসে নিয়ে আসার পর প্রক্টরের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও আমরা আজ অবধি ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি। যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পেয়েছিলেন, তারাও ক্যাম্পাসে চাকরি করছিলেন।
“আমরা তাদের কিছু বলিনি। কিন্তু আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে তারা গত কয়েক দিন ধরে অপকর্মে লিপ্ত হয়েছে।”
রাতে এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য দিয়ে উপাচারর্য বলেন, “যেহেতু তারা ছাত্রলীগের পোস্টেড ছিলেন এবং তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক বক্তব্যের আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করব। ঘটনাটি পূর্ণাঙ্গভাবে তলিয়ে দেখার তথা তদন্ত করার জন্য আমরা চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছি।
“সেই প্রতিবেদনে কারও নৈরাজ্য ও নাশকতায় জড়িত থাকার প্রমাণ মিললে বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটি নেওয়া হবে।”
