১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ

“আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে তারা গত কয়েক দিন ধরে অপকর্মে লিপ্ত হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 06:12 PM

Updated : 16 Nov 2026, 06:20 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তাদের ধরে পেটানো হয়।

মারধরের শিকার ব্যক্তিদের মধ্যে আছেন—পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ। আটক অপর কর্মকর্তার পরিচয় জানা যায়নি।

প্রক্টর অফিসে প্রক্টরের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও আমরা আজ অবধি ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি। যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পেয়েছিলেন, তারাও ক্যাম্পাসে চাকরি করছিলেন।

Image

মারধরের শিকার জুনায়েদ, সঞ্জয় কুমার পাল ও হিমাদ্রি শেখর মন্ডল।

“আমরা তাদের কিছু বলিনি। কিন্তু আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে তারা গত কয়েক দিন ধরে অপকর্মে লিপ্ত হয়েছে।”

তিনি বলেন, “আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি, এই ক্যাম্পাসের সাবেক ছাত্রলীগ করা কর্মকর্তাদের অর্থায়নে গত কয়েক দিন ছাত্রলীগ কর্মীরা অপরাধ সংঘটিত করছে। শিক্ষার্থীদের টাকায় বেতন পাওয়া ফ্যাসিবাদের যোগানদাতা এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।

“আর আমরা যাদের সংশ্লিষ্টতা পেয়েছি, তাদের প্রশাসনের হাতে ন্যস্ত করলাম। এদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিতে হবে।”

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের ঘটনায় বিভিন্ন দপ্তরের চারজন কর্মকর্তাকে ধরে ছাত্রদল সংগঠনের নেতারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

“তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা জমা দিতে বলা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।”

কার্যকম নিষিদ্ধ দল সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধরার দায়িত্ব ছাত্র সংগঠনকে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে প্রক্টর বলেন, “অবশ্যই না। এর আগে আমাদের প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আমি নিজেও এর সদস্য।

“আমরা বারবার নোটিস দিয়েও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ না পেলে প্রশাসনিক ব্যবস্থা কীভাবে নেব?”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, “আমাদের এখানে ভিন্ন মতের সহকর্মী যারা আছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি।

“কিন্তু গত কয়েকদিন থেকে বাংলাদেশে যে নাশকতা শুরু হয়েছে, কয়েকদিন আগে আমাদের ক্যাম্পাসের হাতবোমা বিস্ফোরণ করা হয়েছে, গতকালকে গোপালগঞ্জেও একটি ঘটনা ঘটেছে। আমার মনে হয় যে, এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে ক্যাম্পাসে এমন ঘটনার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি আবারো সামনে এসেছে।”

উপাচার্য বলেন, “ভবিষ্যতে যেন কেউ ফ্যসিবাদী মানসিকতা পোষণ করতে না পারে, এজন্য অতীতে যারা এসব করেছে; তাদের বিচার হওয়াও উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ রক্ষা করা এবং অপরাধীদের বিচার নিশ্চিত করা—এই দুটোর মধ্যে সমন্বর রাখার দিকে আমরা লক্ষ্য রাখব।”

এদিন ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম। তার বিভাগের দেয়ালে সাঁটানো পত্রিকা কাটিংয়ে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যানকে তার কক্ষে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাকে শাসানো হচ্ছে—এমন একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এসময় ওই শিক্ষককে তার নিয়োগের বছর জিজ্ঞেস করা হয়। তিনি ২০১২ সাল জানালে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “তাহলে তো আপনি স্বৈরাচারের দোসর”।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এদিন সকালে উপাচার্যকে স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে চার দাবি তুলে ধরা হয়—

  • জবি ছাত্রলীগের আগের কমিটির যেসব নেতাকর্মী জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেনি, আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং নিজের পদ থেকে ইস্তফা দেয়নি, তাদের চিহ্নিত করে অবিলম্বে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের কথিত বর্তমান কমিটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

  • নিষিদ্ধ সংগঠনের এ ‘সন্ত্রাসীরা’ কীভাবে এবং কাদের প্রশ্রয়ে জবি ক্যাম্পাসে প্রকাশ্যে অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে তা উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। এর নেপথ্যে থাকা সব ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

  • বিগত ‘স্বৈরাচারী’ সরকারের আমলে ‘দলীয় বিবেচনায় ও অন্যায়ভাবে’ নিয়োগপ্রাপ্ত এবং ‘ফ্যাসিবাদের’ প্রত্যক্ষ সমর্থক ও সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে হবে। প্রশাসনিক কাজে ‘অসহযোগিতা, দুর্নীতি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত’ এসব কর্মকর্তা-কর্মচারীকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্তের মাধ্যমে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এবং শাস্তির আওতায় আনতে হবে।

এসব দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, এর মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে’ শাখা ছাত্রদল যেকোনো কঠোর কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।