১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে প্রক্টরের কাছে দিল ছাত্রদল, লাঞ্ছিত প্রকৌশলী

বন্দর থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে থানায় সোপর্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 07:44 PM

Updated : 18 Nov 2026, 07:44 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ট্যাগ’ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা ও এক কর্মচারীকে প্রক্টরের কাছে হস্তান্তর করেছে ছাত্রদল।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে।

বুধবার দুপুর ২টার পর চারজনকে আটক করে প্রক্টরের কার্যালয়ে হস্তান্তর করা হয় বলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদি হাসান সোহাগ জানান।

এ ঘটনার পর নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রক্টরের কাছে হস্তান্তর করা কর্মকর্তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপ-পরিচালক আতিকুর রহমান, উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন সিকদার।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু সেই সুযোগ না নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চারজনকে আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।”

এ সময় উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকে লাঞ্চিত করার বিষয়ে ছাত্রদল নেতা বলেন, তিনি একজনকে ছাড়িয়ে নেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। এ নিয়ে তার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কর্মকর্তাদের মারধর করে প্রক্টর কার্যালয়ে দেওয়া হয়েছে। এ সময় একজনের চশমা ভেঙে ফেলা হয়, আরেকজনের শার্ট ছিড়ে ফেলা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদি হাসান সোহাগ বলেন, “সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে এদেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করার অপচেষ্টা করছে। বিশ্ববিবিদ্যালয়ে এ ধরনের কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত চারজনকে আমাদের কাছে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তাদের পুলিশে দেওয়া হবে কি না জানতে চাইলে প্রক্টর বলেন, “দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছেই দিতে হবে।”

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে থানায় সোপর্দ করেছে। তারা অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”